ইনানীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে ভেসে গেল কিশোর, ঘণ্টাখানেক পর মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে যাওয়া শান্ত (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন কোস্টগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচকর্মীরা।
শান্ত ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিবারের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সৈকতে দায়িত্ব পালনকারী জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, আজ সকাল সাড়ে ১১টার দিকে একটি মাদ্রাসার ১৫ থেকে ১৬ জন শিক্ষার্থী ইনানী সৈকতে গোসল করতে নামে। এ সময় সাগরের ঢেউয়ের তোড়ে তারা ভেসে যেতে থাকে। পরে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে শান্ত নিখোঁজ ছিল।
মাহবুব আলম আরও জানান, খবর পেয়ে বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা সাগরে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে বেলা সাড়ে ১২টার দিকে সাগরে ভাসমান অবস্থায় শান্তর মরদেহ উদ্ধার করা হয়।
ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রিমন ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
এর আগে গত ১৪ অক্টোবর হিমছড়ির পেঁচার দ্বীপ সৈকতে গোসল করতে নেমে পাঁচ পর্যটক নিখোঁজ হন। ওই দিন বিকেলে তাঁদের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন আরও দুজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও বিচকর্মীরা। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এ নিয়ে চলতি বছর সাগরে ডুবে ১৫ জনের মৃত্যু হয়েছে।








