কক্সবাজার সৈকতে মালয়েশিয়াগামী ট্রলার ফেলে পালালেন পাচারকারীরা, ২৮ নারী-পুরুষ উদ্ধার

কক্সবাজার সমুদ্রসৈকতে মালয়েশিয়াগামী একটি মাছ ধরার ট্রলার ফেলে পালিয়েছেন মানবপাচারকারী চক্রের সদস্যরা। এ সময় ট্রলার থেকে মানবপাচারের শিকার ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ২৫ জন পুরুষ, দুজন নারী ও এক শিশু রয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন রোহিঙ্গা নারী রয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে কক্সবাজার শহরের লাবণী পয়েন্ট সৈকতে ট্রলারটি ভেড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার ব্যক্তিদের পরিচয় এবং মানবপাচারে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
উদ্ধার হওয়া ব্যক্তি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টেকনাফ থেকে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে মাছ ধরার একটি ট্রলারে ওঠেন ৭২ জন নারী, পুরুষ ও শিশু। প্রায় এক সপ্তাহ সাগরে অবস্থানের পর ট্রলারের মাঝিমাল্লা ও মানবপাচারকারী চক্রের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে শুক্রবার রাতে তাঁদের কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে নামিয়ে দিয়ে পাচারকারীরা পালিয়ে যান।
উদ্ধার হওয়া টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার বাসিন্দা ইলিয়াস জানান, গত ১২ নভেম্বর মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট নৌকায় করে তাঁদের সাগরে অবস্থানরত একটি বড় ট্রলারে তুলে দেওয়া হয়। এরপর টানা কয়েক দিন তাঁদের সাগরে থাকতে হয়। ট্রলারে থাকা ১৭ জন মাঝিমাল্লা ও দালালের মধ্যে বিরোধের একপর্যায়ে ট্রলারটি লাবণী পয়েন্টে ভেড়ানো হয়। পরে তাঁরা পালিয়ে যান।
এর আগে গত ৫ নভেম্বর টেকনাফের পাহাড়ে মানবপাচারকারী চক্রের আস্তানায় অভিযান চালাতে গিয়ে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে তিতাস শেখ (২৭) নামের এক সেনাসদস্য নিহত হন। ওই অভিযানে ঘটনাস্থল থেকে মানবপাচারের শিকার ৫৬ জনকে উদ্ধার করে যৌথ বাহিনী। গ্রেপ্তার করা হয় পাচারকারী চক্রের ছয় সদস্যকে।
এদিকে প্রায় প্রতিদিনই মালয়েশিয়াগামী ট্রলার কিংবা উপকূলের পাহাড়ি এলাকা থেকে মানবপাচারের শিকার ব্যক্তিদের উদ্ধার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর শুষ্ক মৌসুমে সমুদ্রপথে মানবপাচারের ঘটনা বাড়ে। পাচারকারীরা বিভিন্ন এলাকার মানুষ ও রোহিঙ্গাদের পাহাড়ি এলাকায় আটকে রেখে সুযোগ বুঝে মাছ ধরার ট্রলারে করে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাচারের চেষ্টা করে।









