
কওমি ঘরানার সাত ইসলামি রাজনৈতিক দলের ঐক্যের খসড়া রূপরেখা চূড়ান্ত করতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর নেতৃত্বে ফটিকছড়িতে বৈঠক হয়েছে। সব বিষয়ে ঐকমত্য না হওয়ায় সাত দল থেকে তিনজন করে সদস্য নিয়ে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। আগামী ২২ অক্টোবর ঢাকায় কমিটির বৈঠক হবে।
আজ রোববার ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় প্রায় তিন ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। বৈঠকে সাত দলের ৩৫ জন প্রতিনিধি অংশ নেন।
বৈঠকে সাত দলের সম্ভাব্য ঐক্যকাঠামো, সমন্বিত কর্মপদ্ধতি ও ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রমের খসড়া রূপরেখা নিয়ে আলোচনা হয়। দলগুলোর মধ্যে সব বিষয়ে ঐকমত্য না হওয়ায় পরবর্তী আলোচনা ও সমন্বয়ের জন্য লিয়াজোঁ কমিটি গঠন করা হয়।
হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি জসীমউদ্দিন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের আলেমসমাজ ও সর্বস্তরের মুসলিম উম্মাহর আকাঙ্ক্ষা—ইসলামপন্থী দলগুলো একটি প্ল্যাটফর্মে থেকে একসঙ্গে কাজ করবে। এ লক্ষ্যে সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য একটি ফর্মুলা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
মুফতি জসীমউদ্দিন বলেন, প্রতিটি দলের দেওয়া প্রস্তাব হেফাজতে ইসলামের আমির পর্যালোচনা করছেন। আজকের বৈঠকে প্রস্তাবগুলো আলোচনা ও পর্যালোচনা করা হয়। আমিরের পরামর্শে তৈরি খসড়া রূপরেখা সাত দলের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।
হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে সাতটি দল থেকে তিনজন করে সদস্য নিয়ে লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে বলে জানান মুফতি জসীমউদ্দিন। আগামী ২২ অক্টোবর ঢাকায় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, সিনিয়র নায়েবে আমির মাওলানা খলিল আহমদ কাসেমী, নায়েবে আমির মুফতি জসীমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ ও নায়েবে আমির মাওলানা সালাউদ্দিন নানুপুরী উপস্থিত ছিলেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীসহ সংশ্লিষ্ট দলগুলোর শীর্ষ নেতারা বৈঠকে অংশ নেন।
ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত সাত দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
কওমি ঘরানার ইসলামি রাজনৈতিক দলগুলোর ঐক্যপ্রক্রিয়া শুরু হয় গত ১৬ জুলাই। সেদিন ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলগুলোর শীর্ষ নেতারা ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে পথচলার বিষয়ে নীতিগতভাবে একমত হন।
প্রতিটি দলকে নিজস্ব প্রস্তাব জমা দেওয়ার জন্য ৩ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়। প্রস্তাবগুলো পর্যালোচনা ও সমন্বয়ের জন্য হেফাজতে ইসলামের উদ্যোগে সাত সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়।
হেফাজতে ইসলাম সূত্র জানায়, গত ১৬ জুলাইয়ের পর গঠিত উপকমিটি অন্তত তিনবার বৈঠক করেছে। দুবার ঢাকায় ও একবার চট্টগ্রামে এসব বৈঠক হয়। সবশেষ ১ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসায় উপকমিটির বৈঠকে দলগুলোর পৃথক প্রস্তাব নিয়ে আলোচনা করে একটি সমন্বিত খসড়া রূপরেখা তৈরির কাজ সম্পন্ন করা হয়।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমারুলি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক খালিকুজ্জামান সুজনের মুক্তির দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ রোববার সকাল থেকে বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী ক্লাস বর্জন করে প্রধান শিক্ষকের কক্ষের সামনে অবস্থান নেয়।
১৯ মিনিট আগে
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. কামরুদ্দিন সবুজের নাম প্রস্তাব করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছেন ইউএনও মো. রিদুয়ানুল ইসলাম।
৩০ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ থেকে পাগলাপীর পর্যন্ত রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে থাকা গাছের ডালপালা কেটে ন্যাড়া করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ লাইনের সুরক্ষার কথা বলে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কর্মীরা এসব গাছের ডালপালা কেটেছেন বলে অভিযোগ স্থানীয়দের। বন বিভাগের অনুমতি ছাড়াই এমনভাবে গাছ কাটায় ক্ষোভ জানিয়েছেন স্থানী
৩৭ মিনিট আগে
বাগেরহাটের চিতলমারীতে একটি বিদ্যালয়ের জমি রক্ষার দাবিতে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনের সড়কে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।
৩৮ মিনিট আগে