চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন আ.লীগের হামলায় ওসিসহ ৬ পুলিশ আহতের অভিযোগ, গ্রেপ্তার ১৬

চট্টগ্রাম নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলায় বন্দর থানার ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ইতিমধ্যে ১৬ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।
পুলিশ বলছে, চট্টগ্রাম নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাঁদের বাধা দিলে পুলিশের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে নগরের বন্দর থানার পোর্ট কানেকটিং রোডের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার বিষয়টি জানাজানি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে তালতলা এলাকায় হঠাৎ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে মিছিল বের করার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মিছিলে বাধা দেয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম শনিবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, ‘মিছিল চেষ্টাকালে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি পুলিশের একটি গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে।’
ওসি জানান, পুলিশের ওপর হামলা ও সন্ত্রাসবিরোধী আইনে বন্দর থানায় একটি মামলা করা হয়।
ঘটনার সময় পুলিশ ধাওয়া দিয়ে কয়েকজনকে এবং আজ শনিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে। আসামিদের আদালতে সোপর্দ পাঠানো হয়েছে।









