Ajker Patrika

চাকসুর আন্দোলনের পর শিক্ষার্থীদের জন্য চালু হলো চক্রাকার বাস

চবি প্রতিনিধি 
চাকসুর আন্দোলনের পর শিক্ষার্থীদের জন্য চালু হলো চক্রাকার বাস
আজ সকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারটি স্থায়ী চক্রাকার বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে আন্দোলনের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চারটি স্থায়ী চক্রাকার বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব বাসে বিনা ভাড়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে সার্ভিসটি চালু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত এসব বাস চলাচল করবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, সকাল থেকে চারটি বাস স্থায়ীভাবে ১ নম্বর গেইট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত চলাচল করছে। এসব বাসে শিক্ষার্থীরা সম্পূর্ণ ফ্রি-তে যাতায়াত করতে পারবেন। বাসের শিডিউল ঠিক করতে আমরা দ্রুতই প্রশাসনের সঙ্গে বসব।

এর আগে, গতকাল (৭ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১টা পর্যন্ত ১ নম্বর গেইট থেকে জিরো পয়েন্ট সড়কে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বৃদ্ধি ও হঠাৎ চলাচল বন্ধের প্রতিবাদে মেইন গেইট আটকে অবস্থান কর্মসূচি পালন করে চাকসুর নেতারা। একই সঙ্গে সিএনজি সিন্ডিকেট বন্ধ করে চক্রাকার বাস সার্ভিস চালুর দাবি জানান তাঁরা। এ সময় কর্মসূচিতে আরও অংশ নিয়েছিল ক্যাম্পাসের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দেন। পরে আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে চক্রাকারে বাস চলছে। উপ-উপাচার্য জানান, শিক্ষার্থীদের দাবি ছিল স্থায়ীভাবে চক্রাকার বাস চালু করা। আমরা আজ থেকে সেটা করতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ে আজ থেকে চারটি বাস নিয়মিতভাবে চলাচল করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত