Ajker Patrika

চট্টগ্রামে বিএনপি নেতা মীর নাছিরের বিরুদ্ধে মন্দিরের জায়গা দখলচেষ্টার অভিযোগ ইসকনের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৮ জুন ২০২৩, ২০: ৪৫
চট্টগ্রামে বিএনপি নেতা মীর নাছিরের বিরুদ্ধে মন্দিরের জায়গা দখলচেষ্টার অভিযোগ ইসকনের

চট্টগ্রামের হাটহাজারীর মেখল পুণ্ডরীক ধামের জায়গা দখলচেষ্টার অভিযোগ উঠেছে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন ও তাঁর ছেলে মীর হেলালের বিরুদ্ধে। 

আজ রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী জানান, দলবল নিয়ে মন্দিরের রাস্তার ওপর দেয়াল নির্মাণের চেষ্টা করেন তাঁরা। এতে মন্দির কর্তৃপক্ষ বাধা দিলে বিএনপির এই নেতার পক্ষ থেকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ নিয়ে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলাও দায়ের করা হয়েছে। 

চন্দ্র দাস ব্রহ্মচারী আরও বলেন, ‘পুণ্ডরীক ধামের মানুষের সঙ্গে এলাকার অন্যান্য ধর্মাবলম্বী লোকজনের সুসম্পর্ক রয়েছে। কিন্তু বিএনপি নেতা মীর নাছির ও তাঁর ছেলে মন্দিরের জায়গা দখল করে সেবায়েতদের চলাচলের পথ রুদ্ধ করার মাধ্যমে এলাকায় অরাজকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে। পাশাপাশি সাধু-সন্ন্যাসীদের প্রাণনাশেরও হুমকি দিচ্ছে। হিন্দু তীর্থক্ষেত্র পুণ্ডরীক ধামের জায়গা-জমির ওপর কেন বিএনপি নেতাদের লোলুপ দৃষ্টি পড়েছে, তা আমাদের বোধগম্য নয়।’

এ সময় ইসকনের পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়। পুণ্ডরীক ধামের জায়গা দখলের চেষ্টা করা হলে কিংবা কোনো রকম ষড়যন্ত্র করা হলে সারা দেশের হিন্দুরা রাস্তায় নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা। 

পরে ইসকন চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। 

চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, এই পবিত্র ভূমিতে শ্রী পুণ্ডরীক বিদ্যানিধির জন্মস্থান। বিগ্রহের তদানীন্তন সেবায়েত ছিলেন হর কুমার স্মৃতিতীর্থ। তাঁর নাম আরএস খতিয়ানে লক্ষ্মী জনার্দন বিগ্রহের পক্ষে সেবায়েত হিসেবে লিপি আছে (যা চিরস্থায়ী দেবোত্তর সম্পত্তি হিসেবে উল্লেখ রয়েছে)। ওই বিগ্রহ অ্যাস্টেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে পুণ্ডরীক ধাম নামে পরিচিত। হর কুমার স্মৃতিতীর্থ আমৃত্যু ওই বিগ্রহের সেবায়েতের দায়িত্ব পালন করেন। মধ্যযুগের বাংলা সাহিত্যের অনবদ্য অবদান চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্যমঙ্গল, গৌর-পার্ষদ চরিতাবলি গৌড়ীয় বৈষ্ণব অভিধান প্রামাণিক গ্রন্থে এই স্থানের মহিমা বর্ণিত হয়েছে। 

চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী আরও বলেন, বিএনপি নেতা মীর নাছির ও তাঁর ছেলে মীর হেলাল ভুয়া দলিল বানিয়ে মন্দিরের জায়গা দখল করছেন। মন্দিরের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। লক্ষ্মী জনার্দন বিগ্রহের সম্পত্তি দেবোত্তর সম্পত্তি, যা কখনো হস্তান্তর যোগ্য নয়। আরএস খতিয়ানেও এ সম্পত্তি লক্ষ্মী জনার্দন বিগ্রহের নামে উল্লেখ রয়েছে। কিন্তু বিএস খতিয়ানে তার ধারাবাহিকতা না থাকার সুযোগে তাঁরা নিজেদের নামে জাল দলিল তৈরি করে এ সম্পত্তি দখলের চেষ্টা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত