
হাসপাতাল পরিদর্শনে আসবেন এমপি। এমন খবরে তড়িঘড়ি করে হাসপাতালে গিয়ে রোগীদের সরিয়ে বেডে শুয়ে পড়েন বিএনপির ২৩ নেতা-কর্মী। পরিদর্শন শেষে এমপি চলে যাওয়ার পরপরই ভর্তি হওয়া ওই সব ব্যক্তিরাও বাড়িতে চলে যান।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালে সরেজমিন গেলে বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দীন চৌধুরী। তিনি বলেন, ‘হাসপাতালে রোগী আসলে আমাদের চিকিৎসা দিতে হবে। গতকাল সোমবার সকালে ২৩ জন লোক নির্বাচনকালীন সময়ে আহত হন বলে চিকিৎসা নিতে এসে হাসপাতালে ভর্তি হয়। দুপুরে এমপি সাহেব হাসপাতালে এসে তাঁদের দেখে যান। বিকেলে ভর্তি হওয়া রোগীরা হাসপাতাল থেকে চলে যান।’
জানা গেছে, গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম হাসপাতাল পরিদর্শনে আসেন। এর আগে, এসব ব্যক্তি হাসপাতালে এসে রোগীদের বেডে শুয়ে পড়েন। পরিদর্শনকালে এমপির সঙ্গে শতাধিক নেতা-কর্মীর ভিড়ে হাসপাতালে পরিস্থিতিও বেসামাল হয়ে পড়ে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সরেজমিন হাসপাতালে গিয়ে দেখা যায়, শ্বাসকষ্ট ও আহত কিছু রোগী হাসপাতালের বেডে শুয়ে আছে। তবে হাসপাতালের অধিকাংশ বেড খালি।
হাসপাতাল সূত্র জানায়, গতকাল হাসপাতালে ৭৮ জন রোগী থাকলেও আজ সকালে অর্ধেক রোগী সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। গতকাল বেলা ১১টার দিকে ২৩ জন ব্যক্তি জরুরি বিভাগে এসে হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে রয়েছেন উপজেলায় বারশত দুধকুমড়া গ্রামের আলী হোসেন (৩৯), মঈন উদ্দিন (৩২), নাছির খান (২৭), পরৈকোড়া ইউনিয়নের নেজাম উদ্দিন (৪২) ও উত্তম তালুকদার (৫০)। এসব রোগী বিকেলে হাসপাতাল থেকে চলে গেছেন।
হাসপাতালে ভর্তি থাকা রোগী বৃদ্ধ আলমগীর (৬৫) বলেন, ‘এক সপ্তাহ ধরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি আছি। গতকাল সোমবার ৩০-৪০ মানুষ এসে আমাদের সব রোগীকে বের করে দিয়ে হাসপাতালের বেডে শুয়ে পড়েন। এ সময় আমরা অসুস্থ রোগীরা বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত বাইরা বসে থাকি। পরে এমপি সাহেব চলে গেলে তারাও বের হয়ে যায়। তারপর আমরা হাসপাতালে ঢুকে বেডে যাই। এমন কাণ্ড বাপের জন্মেও দেখি নাই।’
হাসপাতালে থাকা রোগী ও নেতা-কর্মীদের উদ্দেশে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম (এমপি) বলেছেন, ‘নৈতিকতার বিরুদ্ধে কোনো কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমার নেতা-কর্মীরা আমার এবং বিএনপির জন্য নির্ভীকভাবে কাজ করে ধানের শীষের বিজয় ছিনিয়ে এনেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সব সময় আমি তাদের পাশে থাকব।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী, এমপিপুত্র সাওয়াজ নিজাম সনি, বিএনপি নেতা মোশাররফ হোসেন, শফিউল আলম ও জাকারিয়া চৌধুরী জকু।

পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কথিত পুশ ইন চেষ্টায় আটকে পড়া ১০ জন নারী-পুরুষ ও শিশু ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে জিরো লাইনে অনিশ্চিত অবস্থায় রয়েছে। বিজিবির বাধায় বাংলাদেশে প্রবেশ করতে না পারায় এবং বিএসএফ ফেরত না নেওয়ায় তারা দুই দেশের মাঝামাঝি এলাকায় চরম অনিশ্চয়তার মধ্যে...
৪০ মিনিট আগে
কান্নাজড়িত কণ্ঠে এই বাবা বলেন, ‘আমি আমার বাচ্চা হত্যার সুষ্ঠু বিচার চাই। বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করি। সেই শাস্তি যেন দ্রুত কার্যকর হতে দেখি, একজন বাবা হিসেবে এটাই আমার একমাত্র চাওয়া।’
১ ঘণ্টা আগে
কক্সবাজার থেকে ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বাসের যাত্রী ওঠানামার জন্য থামার সময়। শনিবার (৬ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া আল-আমিন ফিলিং স্টেশনে...
১ ঘণ্টা আগে
নিপুণ রায় বলেন, একটি শিশু যখন নির্যাতিত হয়, তখন শুধু তার শরীর নয়; একটি পুরো ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়। রাষ্ট্র যদি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে সেই রাষ্ট্রের উন্নয়নের কোনো অর্থ থাকে না।
১ ঘণ্টা আগে