
চট্টগ্রাম সমুদ্রবন্দরের কয়েক একর সম্পত্তি বিনা দরপত্রে ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। গত ছয় মাসে কমপক্ষে ২৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাণিজ্যিক এসব জায়গা ইজারা দেওয়া হয়। এসব সম্পত্তির দাম আনুমানিক শতকোটি টাকা। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি, এসব সম্পত্তি ছয় মাসের জন্য ভাড়া দেওয়া হয়েছে।
বন্দর সূত্রে জানা যায়, শাহ মাজিদিয়া এন্টারপ্রাইজকে পতেঙ্গা এলাকায় এক একর, কর্ণফুলী শিপ বিল্ডার্সকে এক একর, মাঝিরঘাটে এসএস ট্রেডিংকে ১৪ হাজার ৯৪০ বর্গফুট (৩৪.৩০ শতক), নগরের সুজা কাঠগড় মৌজার চাক্তাইয়ে ২৪ শতক (১০ হাজার ৪৫৫ বর্গফুট) খাতুনগঞ্জের মেসার্স পূবালী ট্রেডার্স ও মেসার্স রহমান ট্রেডিংকে ইজারা দেওয়া হয়েছে।
এ ছাড়া মেসার্স পূবালী ট্রেডার্সের মালিক সুব্রত মহাজনের ভাই দেবব্রত মহাজনকে ৫ শতক এবং আইকন লজিস্টিককে বারিক বিল্ডিং দাম্মাম ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় ১৬ শতক জায়গা বিনা দরপত্রে বরাদ্দ দেওয়া হয়েছে। আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে এই তালিকায়।
এদিকে বন্দর এলাকার ইসান মিস্ত্রির হাট এলাকায় ১৫ জনকে দরপত্র ছাড়াই সরকারি জমি দিয়ে পুনর্বাসন করা হয়েছে। এসব জমির মধ্যে মো. ছাদেককে ১২০ বর্গফুট, হারুনুর রশিদকে ৯১৮ বর্গফুট, ছকিনা বেগমকে ১২০ বর্গফুট করে তিনটি মোট ৩৬০ বর্গফুট জমি বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া মো. আলীকে ৩১৫ বর্গফুট, মনোয়ারা বেগমকে ২৯৮, আবুল কালামকে ১০০১, মো, হাসেম উদ্দিনকে ৭৪০, তাজ উদ্দিনকে ৮২৫, নজির আহাম্মদকে ৬০০, ছালা উদ্দিনকে ২৮০, নুরুল আলমকে ১২০ এবং মোস্তফা কামালকে ১৪৭ বর্গফুট জমি বরাদ্দ দেওয়া হয়েছে।
সদ্য বদলি হওয়া বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) অতিরিক্ত সচিব হাবিবুর রহমান জানান, দরপত্র ছাড়া বন্দরের জমি এভাবে দেওয়া অন্যায়। লোভ-লালসার ফাঁদে পড়ে বন্দরের কিছু অসাধু কর্মকর্তা এসব অনিয়মতান্ত্রিক কাজ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে বন্দরের ভূমি শাখার কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে চাননি। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, ওপরের নির্দেশে তাঁরা এসব জমি বরাদ্দের কাজ করেছেন মাত্র।
অভিযোগের বিষয়ে জানতে বন্দরের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। তবে বন্দরের পরিচালক (প্রশাসন) ওমর ফারুক বিনা দরপত্রে কিছু জমি বরাদ্দ দেওয়ার কথা স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, এগুলো ছয় মাসের জন্য ভাড়া দেওয়া হয়েছে। প্রয়োজনে আবার বন্দর ফেরত নেবে।
বন্দর থেকে পাওয়া তথ্যে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর খাতুনগঞ্জের ব্যবসায়ী মেসার্স পূবালী ট্রেডার্সের মালিক সুব্রত মহাজন ও মেসার্স রহমান ট্রেডিংয়ের মালিক মোস্তাফিজুর রহমান জায়গা বরাদ্দ পেতে আবেদন করেন। গত ৭ অক্টোবর অস্থায়ী ভিত্তিতে এবং পরে ছয় মাসের জন্য জায়গাটি বরাদ্দ দেয় বন্দর কর্তৃপক্ষ। এর আগে গত ২৯ সেপ্টেম্বর বন্দরের ১৯৬৭০ নম্বর বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী কোনো দরপত্র ছাড়াই এই দুই ব্যবসায়ীকে ওই জায়গা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়। গত ৯ অক্টোবর এই জায়গার দখল বুঝিয়ে দেওয়া হয় দুই ব্যবসায়ীকে।
বন্দরের ভূমি ব্যবস্থাপনা নীতিমালা ১৯৯৮ এর ৬ বিধিতে দরপত্র ছাড়া কোনো ভূমি ইজারা, ভাড়া দেওয়া যাবে না বলে উল্লেখ রয়েছে। তবে আমদানি-রপ্তানি পণ্য মজুতের জন্য ছয় মাসের জন্য ভাড়া দেওয়ার বিধান রাখা হয় ওই নীতিমালায়।
এই বিষয়ে পূবালী ট্রেডার্সের মালিক সুব্রত মহাজন বলেন, ‘বন্দর থেকে এই জায়গা আমি বরাদ্দ পেয়েছি। আমার অংশ ইতিমধ্যে রহমান ট্রেডিংয়ের মালিক মোস্তাফিজুর রহমানের কাছে বিক্রি করে দিয়েছি।’ মোস্তাফিজুর রহমানও এই জায়গা কেনার কথা স্বীকার করেন। যদিও ভাড়ার শর্তমতে এই জায়গা হস্তান্তরযোগ্য নয়।
বন্দরের নথি সূত্রে জানা যায়, গত বছরের (২০২৫) ১৯ নভেম্বর মাঝিরঘাটের এসএস ট্রেডিং ১৪ হাজার ৯৪০ বর্গফুট (৩৪.৩০ শতক) জায়গা ইজারা পেতে বন্দরের কাছে আবেদন করে এবং চলতি বছরের ৭ জানুয়ারি বরাদ্দপত্র পায়।
এর আগে ২০২৪ সালের ৯ এপ্রিল কেবল বোর্ড সভার সিদ্ধান্তে নিয়ম না মেনে দরপত্র ছাড়া বেসরকারি অফডক ইনকনট্রেড লিমিটেডকে ৮ একর ভূমি ইজারা দেওয়া হয়েছিল। অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠার পর ইজারাটি বাতিল করা হয়।

জাতীয় দৈনিক প্রথম আলোর অগ্নিদগ্ধ ভবন হয়ে উঠল প্রদর্শনীস্থল। ভস্মীভূত নানা দ্রব্য সেখানে প্রদর্শিত সামগ্রী। শুধু নিছক দ্রব্য নয়, ভবনের সিঁড়ি, দেয়াল, বিশেষ আলোকসম্পাত ও শিল্পকর্ম—সব মিলিয়ে অবয়ব পেয়েছে ‘আলো’ শিরোনামের এই প্রদর্শনী।
১ ঘণ্টা আগে
বেহাল দশা কাটছে না রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) অধীন ১২টি নগর স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের। সাত মাসের বেতন বকেয়া তাঁদের। এর আগে যে বেতন তাঁরা পেতেন, সাত মাস আগে তা অর্ধেকে নামিয়ে আনা হয়। কিন্তু কমানো সেই বেতনও মিলছে না। ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন এসব কর্মী।
২ ঘণ্টা আগে
খুলনায় দুর্বৃত্তের গুলিতে আয়নুল (৩২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বান্দাবাজারের (হঠাৎ বাজার) রহমানিয়া গলির সামনে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
টেকনাফ সীমান্তে পৃথক দুটি অভিযানে প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই পক্ষে গোলাগুলির ঘটনাও ঘটে। অভিযানে একটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে