
ভয়ভীতি দেখানো, চুরি, ছিনতাই, মারধর ও নারী হেনস্তাসহ নানা অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাঁদের আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। আটক দুই শিক্ষার্থী হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো. শিমুল ফকির এবং একই শিক্ষাবর্ষের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের ফাহিম আহমেদ অপি।
আটকের পর ভুক্তভোগীরা প্রক্টর বরাবর তাঁদের বিরুদ্ধে পৃথক ছয়টি অভিযোগপত্র দেন। পরে রাত পৌনে ৯টার দিকে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযুক্ত দুই শিক্ষার্থীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে বিভিন্ন সামাজিক ও ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ে আসা অপরিচিত পর্যটকদের সুযোগ বুঝে ভয়ভীতি দেখানো, চাঁদাবাজি, ছিনতাই, মারধর, চুরি ও নারী হেনস্তাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এ ছাড়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে।
হাটহাজারীর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. আসহাব উদ্দিন অভিযোগ করেন, গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ঝরনা এলাকায় ঘুরতে গেলে শিমুল নামের এক ব্যক্তি ও তাঁর দুই সহযোগী তাঁকে ভয়ভীতি দেখান। পরে তাঁরা জোরপূর্বক নগদ ১৫০ টাকা এবং বিকাশের মাধ্যমে ১ হাজার ২০ টাকা নেন বলে অভিযোগ করেন তিনি। পরে এ ঘটনার সত্যতা স্বীকার করেন অভিযুক্তরা।
এ ছাড়া পৃথক একটি অভিযোগপত্রে শিমুল ফকিরের বিরুদ্ধে নারীদের সঙ্গে অনৈতিক আচরণ, ছিনতাই ও হেনস্তার অভিযোগ করেন বাগেরহাট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা।
অন্যদিকে চবি ল্যাবরেটরি কলেজের শিক্ষার্থী মোশারফ হোসেন অভিযোগ করেন, ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ হোসেন হলের পূর্ব পাশের ব্রিজ এলাকায় শিমুল ফকির ও ফাহিম আহমেদ অপি তাঁকে ডেকে নিয়ে মারধর করেন। এ সময় তাঁর চোখে আঘাত করে রক্তাক্ত করা হয় এবং ছবি তুলে ব্ল্যাকমেলের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তাঁর পকেট থেকে ব্যক্তিগত মোবাইল ফোনও কেড়ে নেওয়ার অভিযোগ করেন মোশারফ।
অভিযুক্তরা এসব অভিযোগ প্রাথমিকভাবে স্বীকার করছেন বলে জানিয়েছেন সহকারী প্রক্টর কামরুল হোসেন। এ ছাড়া ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে শিমুল বলেন, ‘গেল ১৫ আগস্টের আগে-পরে শেখ মুজিবুর রহমানসহ আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুতে ফেসবুকে পোস্ট করেছি। বিষয়টি চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ারের নজরে এলে তিনি আমার সঙ্গে যোগাযোগ করে আমি ছাত্রলীগের সঙ্গে জড়িত কি না জানতে চান। আমি বলেছি, ভালোলাগা থেকে এসব পোস্ট করেছি।’
আটকের সময় উপস্থিত চাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক রাব্বি তাওহিদ বলেন, ‘খবর শুনে আমরা ভুক্তভোগীর কাছে যাই। ভুক্তভোগীর কাছে থাকা ছবি দেখে আমরা অভিযুক্তদের চিহ্নিত করি। এরপর প্রক্টরিয়াল বডিকে বিষয়টি জানানো হয়।’
রাব্বি তাওহিদ আরও বলেন, অপরাধগুলোর বেশিরভাগই ফৌজদারি অপরাধ। কিছুদিন আগে তাঁরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেছে। তাঁদের ফোন চেক করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর খায়রুল ইসলাম (সুজন) বলেন, ‘এক পর্যটক বিকেলে চবি ঝরনায় ঘুরতে গেলে সেখানে তাঁর ফোনে ছবি তুলে ভিডিও ধারণ করা হয় এবং নগদ ১৫০ ও বিকাশে ১ হাজার ২০ টাকা নেওয়া হয়। এই অভিযোগ আমাদের কাছে এলে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে আমরা তাদের হাটহাজারী থানায় সোপর্দ করে দিই।’
এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, ‘বিভিন্ন অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীকে আমাদের কাছে সোপর্দ করেছে প্রক্টরিয়াল বডি।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের (১৩) প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে মায়ের কর্মস্থল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জানাজা শেষে তাকে শেষ বিদায়.....
৫ মিনিট আগে
জয়পুরহাটে অবৈধভাবে অন্য জেলায় পাচারের সময় ২০ বস্তা সরকারি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে উদ্ধার করা এসব সার সরকারি নির্ধারিত মূল্যে তাৎক্ষণিকভাবে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে দেওয়া হয়। গতকাল শনিবার রাতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট সদর উপজেলার...
১২ মিনিট আগে
নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সাত বছরের শিশুকন্যা গুরুতর আহত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হাপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রাশেদুজ্জামান নওগাঁর....
২৮ মিনিট আগে
হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় ইছামতি নদীতে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ভেলাবাইচ। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বংখুরী, ঝিটকা, গোবিন্দপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার কলাগাছের তৈরি ভেলা অংশ নেয়।
৩৫ মিনিট আগে