Ajker Patrika

কক্সবাজারে তিন মোটরসাইকেলে ছয়জন এসে ব্যবসায়ীকে গুলি

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ২২: ২৭
কক্সবাজারে তিন মোটরসাইকেলে ছয়জন এসে ব্যবসায়ীকে গুলি
আহত মাহমুদুল হক। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খরুলিয়ায় চলন্ত মাইক্রোবাসের গতিরোধ করে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকায় একটি গ্যাস পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

আহত মাহমুদুল হক (৫২) কক্সবাজার সদরের লিংক রোড এলাকার বাসিন্দা। তিনি পেশায় ঠিকাদার ও আসবাবপত্র ব্যবসায়ী। পরিবার নিয়ে তিনি শহরের হাশেমিয়া মাদরাসা এলাকায় বসবাস করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ব্যক্তিগত নোয়া গাড়িতে করে রামুর দিকে যাচ্ছিলেন মাহমুদুল হক। পথে খরুলিয়া এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি তাঁর গাড়ির গতিরোধ করেন। এরপর তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন তাঁরা। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করলে তাঁর পিঠ ও কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।

মাহমুদুল হক জানিয়েছেন, হামলাকারীদের মধ্যে লিংক রোড এলাকার জায়েদ, কিতাব আলী, ওয়াজেদ আলী ও আবু নাছেরকে তিনি চিনতে পেরেছেন। দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে দাবি তাঁর। তাঁর অভিযোগ, হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা লিংক রোড এলাকার বাসিন্দা ও ঝিলংজা ইউনিয়ন পরিষদের সদস্য এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীর ভাই ও স্বজন।

ঘটনার সতত্যা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।

হামলার সঙ্গে স্থানীয় বিএনপি নেতাদের সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে ওসি বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত