চন্দনাইশে মহাসড়কের পাশে মিলল মুমূর্ষু ব্যক্তি, হাসপাতালে মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বরুমতি ব্রিজ এলাকা থেকে মোহাম্মদ হাশেম নামের এক ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া পর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত হাশেম চন্দনাইশ উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের বাদশার পাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম দানু মিয়া এবং মায়ের নাম মহররম খাতুন। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। পেশায় কৃষক হাশেমের শ্বশুরবাড়ি উপজেলার চাগাচর এলাকায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৮ বছর আগে পারিবারিকভাবে আখি আকতার আয়শা বেগমের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের দুই বছর পর তিনি শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। তাঁদের সংসারে দুই ছেলে ও দুই মেয়ে ছিল। এর মধ্যে এক ছেলে ও এক মেয়ে মারা গেছে।
তবে কীভাবে হাশেম বরুমতি ব্রিজ এলাকায় মুমূর্ষু অবস্থায় পৌঁছালেন এবং তাঁর মৃত্যুর কারণ কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, এ ধরনের একটি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।









