
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অনলাইন গেম খেলার জন্য টাকা না পেয়ে বঁটি হাতে নিজের মাকে মারধরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল বুধবার (৮ এপ্রিল) রাতে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. জাবেদ (১৮) ওই এলাকার কালা গাজীর বাড়ি এলাকার বাসিন্দা। তিনি মৃত মো. ইয়াকুবের ছেলে। পাঁচ থেকে ছয় বছর আগে তাঁর নিরাপত্তা প্রহরী বাবা মারা যান। এক ভাই ও দুই বোনের মধ্যে তিনি পরিবারের একমাত্র ছেলে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ১২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ঘরের ভেতরে হাতে বঁটি নিয়ে জাবেদ তাঁর মায়ের কাছে টাকা দাবি করছেন। একপর্যায়ে তিনি বঁটি দিয়ে ভয় দেখাতে দেখাতে মাকে মারধর শুরু করেন। ভিডিওতে ভুক্তভোগী নারীকে কান্নাজড়িত কণ্ঠে বলতে শোনা যায়, ‘তোরে আমি টাকা দিব, তোর মাথা ছুঁয়ে বলছি।’ ভিডিওতে আরও দেখা যায়, মারধরের সময় মা বারবার ছেলেকে থামার অনুরোধ জানান এবং টাকা দেওয়ার আশ্বাস দেন। এ সময় আশপাশের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ঘটনাটি অভিযুক্ত জাবেদের বোন মোবাইল ফোনে ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মন্তব্যের ঘরে অনেকেই ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্ত জাবেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অনেকে মাদক, অনলাইন গেম ও জুয়ার আসক্তিকে যুবসমাজের জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেন।
স্থানীয় গ্রামপুলিশ সদস্য মোহাম্মদ এনাম বলেন, জাবেদ অনলাইন গেমে আসক্ত। প্রায়ই পরিবারের সদস্যদের কাছে টাকা চাইতেন এবং টাকা না পেলে মারধরের অভিযোগ রয়েছে। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গেলেও তাঁকে বাড়িতে পাওয়া যায়নি।
রায়পুর ইউনিয়ন পরিষদের চুন্নাপাড়া ওয়ার্ডের সদস্য মো. আলমগীর বলেন, পরিবারকে সহায়তা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। খবর পেয়ে গতকাল রাতেই আনোয়ারা থানা-পুলিশ ভুক্তভোগীর বাড়িতে যায়। পুলিশ জানায়, অনলাইন ফ্রি ফায়ার ও পাবজির মতো গেমে আসক্তির কারণে অভিযুক্ত জাবেদ প্রায়ই পরিবারের কাছে টাকা চাইতেন। সর্বশেষ টাকা না পেয়ে তিনি মাকে মারধর করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অভিযুক্ত জাবেদের এক বোন বলেন, তাঁর ভাই পুরোপুরি গেমে আসক্ত হয়ে পড়েছেন। প্রতিদিন মোবাইলের ইন্টারনেট কেনার জন্য এক হাজার টাকা দাবি করতেন। টাকা না দিলে পরিবারের সদস্যদের মারধর করেন।
জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, প্রাথমিকভাবে গেমে আসক্তির কারণেই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ায়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনের নেতৃত্বে এবং পুলিশের...
৪ ঘণ্টা আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
৬ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
৬ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
৬ ঘণ্টা আগে