Ajker Patrika

চমেক হাসপাতালের সামনে ডাব বিক্রেতাকে মারধর, ২৪ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চমেক হাসপাতালের সামনে ডাব বিক্রেতাকে মারধর, ২৪ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ
গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের প্রধান ফটকের সামনে। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের প্রধান ফটকের সামনে গভীর রাতে এক ডাব বিক্রেতাকে মারধর করে ২৪ হাজার ৪০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিন যুবকসহ কয়েকজনের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ডাব বিক্রেতা মো. সাহাব উদ্দিন (৫৫) পাঁচলাইশ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে মো. ইব্রাহিম ও মো. মাহমুদ নামে দুজনের পরিচয় উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী সাহাব উদ্দিন নগরের পাঁচলাইশ এলাকার এখলাস মুনাস কলোনিতে বসবাস করেন। দীর্ঘদিন ধরে চমেক হাসপাতালের প্রধান ফটকের সামনে ভ্যানগাড়িতে ডাব বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তিনি।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার দিকে সাহাব উদ্দিন হাসপাতালের সামনে ভ্যানগাড়িতে ডাব বিক্রি করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে ইব্রাহিম, মাহমুদসহ কয়েকজন যুবক সেখানে আসেন। তাঁরা সাহাব উদ্দিনের কাছে জানতে চান, পাশের ভ্যানগাড়ির এক ব্যবসায়ী তাঁকে কিছু বলেছেন কি না। সাহাব উদ্দিন কিছু বলেননি জানালে ইব্রাহিম তাঁকে লাথি মেরে রাস্তায় ফেলে দেন।

অভিযোগে আরও বলা হয়, পরে অভিযুক্তদের একজন তাঁকে টেনে তুলে আবারও থাপ্পড় মেরে মাটিতে ফেলে দেন। এ সময় তাঁর কাছে থাকা ডাব বিক্রির ২৪ হাজার ৪০০ টাকা নিয়ে মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তাঁরা।

সাহাব উদ্দিন জানান, ডাব বিক্রির টাকাই ছিল তাঁর ব্যবসার পুঁজি। সেই টাকা হারিয়ে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘটনার পর নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ডাব বিক্রেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, চমেক হাসপাতাল ও পাঁচলাইশ এলাকায় ডাব বিক্রেতাদের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগ আগেও উঠেছে। এর আগে একই এলাকায় সাইদুল হক রুবেল নামে এক ডাব বিক্রেতাকে বাসা থেকে ডেকে নিয়ে মারধর করে ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছিল স্থানীয় স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত