
চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নিয়েছেন পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া। আজ মঙ্গলবার সকালে দলীয় নেতা-কর্মীদের নিয়ে ওয়াসা কার্যালয়ে যান তিনি। তাঁর বিরুদ্ধে ইউনিয়ন ব্যাংকের ২২ কোটি টাকা খেলাপি ঋণ এবং ওয়াসার অধিগ্রহণ করা জমি বন্ধক রেখে ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে।
পটিয়া থেকে চারটি মাইক্রোবাসে করে দলীয় নেতা-কর্মীরা ওয়াসা কার্যালয়ে আসেন। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম ফুল দিয়ে ইদ্রিস মিয়াকে বরণ করেন। গত ১৭ সেপ্টেম্বর তিন বছরের মেয়াদে চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান তিনি।
ইদ্রিস মিয়া বলেন, চট্টগ্রাম ওয়াসার সেবার মান উন্নয়ন এবং নগরবাসীর দুর্ভোগ কমাতে গুরুত্ব দিয়ে কাজ করা হবে।
তথ্যমতে, ইদ্রিস মিয়া খাতুনগঞ্জের ব্যবসা-বাণিজ্যের সঙ্গেও সম্পৃক্ত। পটিয়ায় বাড়ি হওয়ার সুবাদে তিনি বহুল আলোচিত এস আলমের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
ইউনিয়ন ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় ইদ্রিস মিয়ার ২২ কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে বলে জানিয়েছে ব্যাংকসংশ্লিষ্ট সূত্র। ঋণ নেওয়ার সময় ব্যাংকে যে জমি তৃতীয় পক্ষের বন্ধক হিসেবে রাখা হয়েছিল, তা নিয়ে চট্টগ্রাম ওয়াসার সঙ্গে মালিকানা বিরোধ রয়েছে। এ কারণে ওয়াসার চেয়ারম্যান পদে তাঁর নিয়োগ নিয়ে সমালোচনা চলছে।
চট্টগ্রাম ওয়াসার অধিগ্রহণ করা প্রায় ১০ একর জমি বন্ধক রেখে ইউনিয়ন ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে ঋণ নেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। নগরের ১৮ নম্বর মাঝিরঘাট রোড এলাকার ওই জমি সালমা বেগমের নামে বিএস নামজারি করা।
রেজিস্টার্ড বায়নামূলে সালমা বেগমের কাছ থেকে জমিটি নিয়ে তৃতীয় পক্ষের বন্ধকদাতা হিসেবে ব্যাংক থেকে ঋণ নেন ইদ্রিস মিয়া। ব্যাংক কর্মকর্তারাও একই তথ্য জানিয়েছেন।
এস আলমের মালিকানাধীন ইউনিয়ন ব্যাংক থেকে ২২ কোটি টাকা ঋণ নেওয়া হলেও তা পরিশোধ না করায় ইদ্রিস মিয়া খেলাপি গ্রাহক হয়েছেন বলে জানিয়েছেন ইউনিয়ন ব্যাংকের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জয়নাল। তাঁর ভাষ্য, মামলাটি বর্তমানে অর্থঋণ আদালত-৩-এ রায়ের অপেক্ষায় রয়েছে।
মধ্য হালিশহরের ৯৫৭ শতক বা ৯ দশমিক ৫৭ একর জমি বন্ধক রেখে মেসার্স আজমির ট্রেডিংয়ের নামে ঋণ নেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটির মালিক ইদ্রিস মিয়া।
ঋণ পরিশোধ না হওয়ায় ২০২০ সালের ১২ নভেম্বর ইউনিয়ন ব্যাংকের খাতুনগঞ্জ শাখা বন্ধকি সম্পত্তি নিলামে বিক্রির বিজ্ঞপ্তি দেয়। এরপর বিষয়টি চট্টগ্রাম ওয়াসার নজরে আসে।
চট্টগ্রাম ওয়াসার তৎকালীন সচিব শারমিন আলম ২০২০ সালের ২৯ নভেম্বর ইউনিয়ন ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপককে চিঠি দেন। চিঠিতে বলা হয়, মধ্য হালিশহরের ওই জমি ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের জন্য সরকার অধিগ্রহণ করেছে।
চট্টগ্রাম ওয়াসার পক্ষ থেকে দাবি করা হয়, জাল দলিল তৈরি করে একটি চক্র জমিটি আত্মসাতের চেষ্টা করছে। ওয়াসার নথি অনুযায়ী, জমিটি নিয়ে ২০০৬ ও ২০১১ সালেও সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।
চট্টগ্রাম ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের জন্য ১৯৬২-৬৩ সালে জমিটি অধিগ্রহণ করা হয়। বর্তমানে ওই স্থানে ওয়াসার ৪ হাজার ২০০ কোটি টাকার স্যুয়ারেজ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
চট্টগ্রাম ওয়াসার প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, যে মামলার পরিপ্রেক্ষিতে জমিটি অন্যের বলে দাবি করা হচ্ছে, সেই মামলার আদেশের বিরুদ্ধে ওয়াসা আপিল করেছে। আপিল এখনো নিষ্পত্তি হয়নি।
মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ইদ্রিস মিয়াকে তিন বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগের প্রজ্ঞাপনে পানি সরবরাহ ও পয়নিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬-এর ৭(১) ধারার কথা বলা হয়েছে। ওই ধারায় বলা হয়েছে, বোর্ডের একজন চেয়ারম্যান থাকবেন, যিনি সরকার কর্তৃক ওয়াসা বোর্ডের সদস্যদের মধ্য থেকে নিযুক্ত হবেন।
মোহাম্মদ আরিফুল ইসলামের ভাষ্য, ইদ্রিস মিয়ার ক্ষেত্রে ওই প্রক্রিয়া অনুসরণ হয়নি। তিনি ওয়াসা বোর্ডের সদস্য নন।

ঝিনাইদহের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মালাটি অপসারণ করা হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।
৪ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে ওঠার সময় এক যাত্রীর পকেট থেকে মোবাইল ফোন ছিনিয়ে পালানোর সময় মুজাহিদ (২০) নামের এক যুবককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী ট্রাফিক বিভাগের সদস্যরা।
১৮ মিনিট আগে
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বিদ্যুতায়িত টিনের বেড়ায় স্পর্শ লেগে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চরবিনোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকসেবীদের মাদক ছাড়াতে সামাজিক চাপ তৈরির ঘোষণা দেওয়া হয়েছে। মাদক সেবন অব্যাহত রাখলে সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে ‘এখানে সুলভ মূল্যে মাদক বিক্রি হয়’ লেখা ব্যানার টাঙানোর কথা বলেন বক্তারা। আবুতোরাব বাজারের কর্মসূচিতে অন্তত তিন হাজার শিক্ষার্থী অংশ নেয়।
২৪ মিনিট আগে