মাদক ও অপরাধ রোধের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে মাদক ও অপরাধমূলক কার্যকলাপ রোধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ বৃহস্পতিবার উপজেলার রহনপুর রেলস্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাসুম, প্রেসক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, ইমামুল হুদা প্রমুখ।
বক্তারা বলেন, মাদক ও অসামাজিক কার্যকলাপ একটি এলাকার সামাজিক পরিবেশকে ধ্বংস করে দেয়। এর সবচেয়ে বড় নেতিবাচক প্রভাব পড়ে তরুণ প্রজন্মের ওপর। মাদকের কারণে অনেক তরুণের জীবন বিপথে চলে যাচ্ছে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে।
বক্তারা বলেন, শুধু সচেতনতা সৃষ্টি করলেই মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ করা সম্ভব নয়। এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। মাদক সরবরাহ, বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে প্রশাসনের নজরদারি বাড়াতে হবে।
বক্তারা মাদকমুক্ত ও নিরাপদ রহনপুর গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধে প্রশাসনের কার্যকর উদ্যোগ ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি জানান।








