চাঁপাইনবাবগঞ্জে চাষি বাজার ইজারামুক্ত রাখার দাবি

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর পূর্বদিকে অবস্থিত টোলঘর চাষি বাজার ইজারামুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। আজ শুক্রবার মহানন্দা সেতুর টোলঘরের পেছনে এ মানববন্ধন হয়।
মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পোলট্রি ফিড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মুখলেসুর রহমান আলাল, সাবেক কাউন্সিলর আব্দুল খালেক, আইবিডব্লিউ পৌরসভা শাখার সম্পাদক মো. শামসুজ্জামান মুকুল, সবজি ব্যবসায়ী বিজয়, মাছ ব্যবসায়ী শ্রীমতী মালা রানী, সাহাবুদ্দিন, শরিফুল ইসলাম, ওবাইদুল হক প্রমুখ।
ব্যবসায়ীরা জানান, ২০০৭ সালে তৎকালীন পৌরসভার মেয়র অধ্যাপক আতাউর রহমানের আমলে এ চাষি বাজার সৃষ্টি হয়। এ বাজারের ফলে পৌরসভার ৩টি ওয়ার্ডের সাধারণ মানুষ সুলভমূল্যে নিত্যপ্রয়োজনীয় মালামাল ক্রয় করতে পারেন। তাই এ বাজার উচ্ছেদ করা যাবে না। এ বাজার সব সময় টোলমুক্ত রাখতে হবে।
এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ জানান, চাষি বাজারে যাঁরা দোকান খুলে ব্যবসা করছেন, তাঁরা অবৈধভাবে ব্যবসা করছেন। চাষি বাজারকে ইজারার আওতায় আনার জন্য নোটিশ দেওয়া হয়েছে।









