
চাঁপাইনবাবগঞ্জে সাদাপোশাকে সড়কে অভিযান চালানো পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ছিনতাইকারী সন্দেহে আটকে রাখেন স্থানীয় লোকজন। দুই ঘণ্টা পর পুলিশ গিয়ে ফিরোজ রানা নামের ওই এএসআইকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনার পর তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
এএসআই ফিরোজ রানা চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। পুলিশ বলছে, ফিরোজ সাদাপোশাকে মাদক উদ্ধারের অভিযানে গিয়েছিলেন। কাউকে না জানিয়ে একা এমন অভিযানে যাওয়ায় তাঁকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে একটি কমিটি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে দুই ব্যক্তিকে নিয়ে সাদাপোশাকে থাকা এএসআই ফিরোজ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেন ডাইং এলাকায় রাস্তায় একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করেন। ওই মোটরসাইকেলচালক না থেমে চলে যান। পরের মোড়ে গিয়ে তিনি জানান, ছিনতাইকারীরা রাস্তায় ছিনতাইয়ের চেষ্টা করছে। এরপরই এলাকার লোকজন এসে তিনজনকে ঘিরে ধরেন। তখন অন্য দুজন কৌশলে পালিয়ে গেলেও ‘পুলিশের লোক’ পরিচয় দিয়ে থেকে যান ফিরোজ। তখন লোকজন ফিরোজকে আটকে রাখেন। পরে রাত ১১টার দিকে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
ঝিলিম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনিরুল ইসলাম মনি বলেন, এই এলাকায় সম্প্রতি কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তাই লোকজন ক্ষুব্ধ ছিল। ছিনতাইচেষ্টার খবর পেয়েই লোকজন গিয়ে ফিরোজকে ধরে ফেলেন। তিনি সাদাপোশাকে ছিলেন। স্থানীয় লোকজন তাঁকে ধরলে তিনি পুলিশ সদস্য পরিচয় দেন এবং পরিচয়পত্র দেখান।
চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ বলেন, ‘ফিরোজ কয়েক দিন আগেই ফাঁড়িতে যোগ দিয়েছেন। এলাকা চেনেন না। মাদক পাচারের খবর পেয়ে তিনি একাই চলে যান সোর্স নিয়ে। তারপর লোকজন তাঁকে আটকে রাখলে আমরা উদ্ধার করি।’
সাধারণত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে কিংবা সাধারণ ডায়েরি (জিডি) করার পর মাদকবিরোধী অভিযান হয়ে থাকে। পুলিশ পরিদর্শক সুকমল চন্দ্র দেবনাথ জানান, এএসআই ফিরোজ তাঁকে জানিয়ে ওই অভিযানে যাননি। অভিযানের বিষয়টি তিনি পরে জেনেছেন।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) রেজাউল করিম বলেন, রাতে এএসআই ফিরোজের ডিউটি ছিল। ওই ডিউটি ফেলে কাউকে কিছু না জানিয়ে একা একা মাদক উদ্ধারে গিয়ে তিনি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। এ কারণে তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
ছিনতাইচেষ্টার ব্যাপারে এসপি বলেন, ‘ছিনতাই তো করেনি কেউ। যে গাড়ি থামানোর চেষ্টা করা হয়েছিল, সেই চালক গিয়ে বলেছে। সে (ফিরোজ রানা) সোর্স নিয়ে গেছে মাদক উদ্ধার করতে। এখন সব জায়গায় একটা মব জাস্টিস চলছে। আমরা ঘটনা তদন্ত করছি। একটা কমিটি করে দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

স্বাধীনতার স্মৃতিবিজড়িত মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধবিষয়ক স্মৃতিকেন্দ্র এখনো দর্শনার্থীশূন্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই একশ্রেণির উচ্ছৃঙ্খল লোকজন সেখানকার মুক্তিযুদ্ধবিষয়ক ভাস্কর্যগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়।
১ ঘণ্টা আগে
কৃষকসহ বিলাঞ্চলের মানুষের কষ্টের কথা ভেবে ২৫ বছর আগে বিলের মধ্য দিয়ে তৈরি করা হয় সাবমারসিবল বা ডুবো সড়ক। এখন সেই আশাজাগানিয়া সড়কটি যেন দুর্ভোগের আরেক নাম। সংস্কার না করায় ভাঙাচোরায় সড়কটিতে চলাচল করতে গিয়ে দুর্ভোগ আরও বেড়েছে।
১ ঘণ্টা আগে
চলতি মাসের শুরুর দিকে রাজধানীর গুলিস্তানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বড় ধরনের উচ্ছেদ অভিযান চালালেও সপ্তাহ না পেরোতেই আবার দোকান বসতে শুরু করেছে। ফুটপাতগুলোতে দেখা গেছে ‘হকার-পুলিশ’ খেলা। একদিকে সুযোগ পেলেই অস্থায়ী পাটাতন দিয়ে দোকান বসাচ্ছেন হকাররা; অন্যদিকে ঘুরে ঘুরে সেসব উঠিয়ে দিচ্ছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৫১ শিশুর মৃত্যুর পর এই সংক্রামক রোগের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম আট সদস্যের এই বোর্ড গঠনের আদেশ দেন।
২ ঘণ্টা আগে