
চলতি মাসের শুরুর দিকে রাজধানীর গুলিস্তানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বড় ধরনের উচ্ছেদ অভিযান চালালেও সপ্তাহ না পেরোতেই আবার দোকান বসতে শুরু করেছে। ফুটপাতগুলোতে দেখা গেছে ‘হকার-পুলিশ’ খেলা। একদিকে সুযোগ পেলেই অস্থায়ী পাটাতন দিয়ে দোকান বসাচ্ছেন হকাররা; অন্যদিকে ঘুরে ঘুরে সেসব উঠিয়ে দিচ্ছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গুলিস্তানের বিভিন্ন ফুটপাত ঘুরে দেখা গেছে, জিরো পয়েন্ট এলাকায় পুলিশ দোকান সরাচ্ছেন, তবে গোলাপশাহ মাজারের পাশে ফুটপাতে হকাররা বসে পড়েছেন। আবার স্টেডিয়ামের গেটে পুলিশ থাকায় সেখানে দোকান বন্ধ; তবে গুলিস্তান মোড়ে রাস্তা-ফুটপাতে দোকান বসানো হয়েছে।
দুপুর সাড়ে ১২টার দিকে দেখা যায়, হকি স্টেডিয়ামের বিপরীত পাশে অস্থায়ী পাটাতনে দোকান বসাতে শুরু করেন হকাররা। বেশ কয়েকজনকে দোকান বসিয়ে বেচাকেনা শুরু করতেও দেখা গেছে। এ সময় এক হকার জানান, এখানে দোকান ছাড়া তাঁর আয়ের আর কোনো পথ নেই। তাই ঝুঁকি নিয়েই ফুটপাতে দোকান বসিয়েছেন।
আধা ঘণ্টা পর একই রাস্তায় এসে দেখা যায়, ফুটপাতে বসানো দোকানগুলো পুলিশ আবারও বন্ধ করে দিয়েছে। হকারদের অস্থায়ী পাটাতনগুলো রাস্তার পাশে সারিবদ্ধভাবে পড়ে রয়েছে। এ সময় হকারদের পুলিশের কাছে ‘দোকান বসানোর’ অনুরোধ করতেও দেখা যায়।
বেলা ২টার দিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকার ফুটপাতে বেশ কয়েকজন হকারকে দোকান বসিয়ে কেনাবেচা করতে দেখা যায়। কিছুক্ষণ পরই এক পুলিশ সদস্যকে টানানো চাদর খুলে তাদের সেখান থেকে উঠিয়ে দিতে দেখা গেছে। এ সময় অন্য হকারদেরও দোকান না বসাতে সতর্ক করছিলেন ওই পুলিশ সদস্য।
ওই পথে চলাচলকারী ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা বলছেন, মাসের শুরুতে হকারদের উচ্ছেদের পর থেকেই এই ‘হকার-পুলিশ’ খেলা চলছে। গুলিস্তানের একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মামুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ একদিকে গেলে অন্যদিকে দোকান বসে। আবার সেদিকে পুলিশ গেলে এদিকে দোকান বসে। তবে আগের চেয়ে গুলিস্তানের পরিবেশ এখন অনেক ভালো। আগে ফুটপাত তো আছেই, রাস্তাও অর্ধেক বন্ধ থাকত। এখান ফুটপাতে অন্তত হাঁটা যায়। যানজটও আগের চেয়ে অনেক কম।’
বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় এক পথচারী বলেন, ‘দেখেন কত বড় ফুটপাত। অথচ এখান দিয়ে কখনোই হাঁটতে পারতাম না, রাস্তা দিয়ে যাইতে হইত।’ পরে দেখা যায়, বায়তুল মোকাররমের সোনার মার্কেটের পাশে প্রায় ৮ ফুট চওড়া ফুটপাত রয়েছে। তবে এই ফুটপাতের দুই পাশের ৩ ফুট করে ৬ ফুট জায়গায়ই হকারদের দখলে ছিল।
হকার নেতারা বলছেন, এই উচ্ছেদে লাখ লাখ হকার পথে বসার অবস্থা হয়েছে। কোরবানির ঈদকে কেন্দ্র করে হকাররা ঋণ করে নতুন মালপত্র উঠিয়েছেন। এই অবস্থা চলতে থাকলে লাখ লাখ হকার ক্ষতিগ্রস্ত হবে। তাই অবিলম্বে চলমান সংকটের সমাধান চান হকার নেতারা।
হকারদের বিক্ষোভ
এদিকে গতকাল সকালে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ, প্রকৃত হকারদের তালিকা প্রণয়ন লাইসেন্স প্রদানসহ সড়ক-ফুটপাত ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ করেছে হকারদের সংগঠন বাংলাদেশ হকার্স ইউনিয়ন। পরে ডিএমপি কার্যালয় অভিমুখে বিক্ষোভ করেন তাঁরা। মিছিলটি কদম ফোয়ারা এলাকায় গেলে পুলিশ বাধা দেয়। পরে একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেয়।
ওই কর্মসূচির অংশ হিসেবে গুলিস্তান, পল্টন ও আশপাশের এলাকায়ও বিক্ষোভ করেন হকাররা।
বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন বলেন, আগে হকারদের পুনর্বাসন, হকার মার্কেটের নানা প্রতিশ্রুতি দিলেও হকার সংকটের সমাধান হয়নি। হকাররাও আর এমন অনিশ্চয়তার মধ্যে থাকতে চান না।
জসিম উদ্দীন বলেন, ‘সরকারের পক্ষ থেকে বলা হয়েছে লাইসেন্স দেওয়া হবে। আমরা চাই দ্রুত লাইসেন্স দিয়ে হকারদের সংকট সমাধান করা হোক। কারও সুযোগ থাকলে সে রাস্তায় হকারি করে না।’
ডিএমপির (ট্রাফিক) মতিঝিল বিভাগের উপকমিশনার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী বলেন, ‘আজকে সাড়ে ৩টার পরও অনেকে (হকার) বসা ছিল। আমরা বিষয়টি লক্ষ্য করছি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা না থাকলে বসার চেষ্টা করছে; কিন্তু আমরা তো বসতে দিচ্ছি না।’
এর আগে গত বুধবার এক কর্মসূচিতে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম জানিয়েছেন, ফুটপাতে ব্যবসা করতে হলে লাইসেন্স বাধ্যতামূলক করা হবে। পুলিশের সহায়তায় হকারদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা অনুযায়ী নির্দিষ্ট স্থান, সময় ও সংখ্যার ভিত্তিতে হকারদের বসার অনুমতি দেওয়া হবে। পাশাপাশি শৃঙ্খলা আনতে জরিপ কার্যক্রম চলছে এবং ‘হলিডে’ ও ‘নৈশকালীন মার্কেট’ চালুর পরিকল্পনাও রয়েছে।

স্বাধীনতার স্মৃতিবিজড়িত মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধবিষয়ক স্মৃতিকেন্দ্র এখনো দর্শনার্থীশূন্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই একশ্রেণির উচ্ছৃঙ্খল লোকজন সেখানকার মুক্তিযুদ্ধবিষয়ক ভাস্কর্যগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়।
৪১ মিনিট আগে
কৃষকসহ বিলাঞ্চলের মানুষের কষ্টের কথা ভেবে ২৫ বছর আগে বিলের মধ্য দিয়ে তৈরি করা হয় সাবমারসিবল বা ডুবো সড়ক। এখন সেই আশাজাগানিয়া সড়কটি যেন দুর্ভোগের আরেক নাম। সংস্কার না করায় ভাঙাচোরায় সড়কটিতে চলাচল করতে গিয়ে দুর্ভোগ আরও বেড়েছে।
১ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৫১ শিশুর মৃত্যুর পর এই সংক্রামক রোগের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম আট সদস্যের এই বোর্ড গঠনের আদেশ দেন।
২ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষার উচ্চবিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষার্থী শাহিদ আহমদ। ২১ এপ্রিল থেকে তার এসএসসি পরীক্ষা শুরু। তবে অস্বাভাবিক লোডশেডিংয়ের কারণে পরীক্ষার শেষ সময়ের প্রস্তুতিতে চরম ব্যাঘাত ঘটছে। ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না।
২ ঘণ্টা আগে