জাতীয় স্বার্থে রাজনৈতিক মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মানিক

জাতীয় স্বার্থ, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি বলেন, একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি।
শনিবার (৭ নভেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ ফরিদ বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এদিন জাতীয় জীবনে ঐক্য, সংহতি, দেশপ্রেম এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার চেতনাকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও জাতীয় ঐক্যের দর্শন আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
তিনি আরও বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ থেকে শিক্ষা নিয়ে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে জাতীয় স্বার্থ ও দেশের উন্নয়নের প্রশ্নে ঐক্য বজায় রাখা জরুরি। নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরতে হবে।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আতিকুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সিভিল সার্জন মোহাম্মদ নুর আলম দীন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, মজিবুর রহমান এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা, জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চিশতিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।









