কোহিনূর হত্যা মামলা: রায়ের দুই বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চাঁদপুরের আলোচিত কোহিনূর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রফিক ভূঁইয়াকে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ। আজ রোববার সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার ঢাকায় অভিযান চালান চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক আব্দুল আলিম। সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে তিনি রফিককে গ্রেপ্তার করে চাঁদপুরে নিয়ে আসেন।
রফিক চাঁদপুর পৌরসভার রহমতপুর আবাসিক এলাকার ভূঁইয়া বাড়ির আব্দুর রশিদের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, প্রধান আসামি নাজমা আক্তারের কাছ থেকে ভিকটিম কোহিনূর বেগম নগদ পাঁচ লাখ টাকা পাওনা ছিলেন। এই টাকা দীর্ঘদিন না পেয়ে ঘটনার দিন ২০১৫ সালের ২২ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে কোহিনূর টাকার জন্য চাঁদপুর পৌরসভার রহমতপুর কলোনিতে গেলে নাজমা ও সহযোগী রফিক তাঁকে ধারালো দা দিয়ে কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন।
এরপর নাজমার বসতঘরেই খাটের নিচে লুকিয়ে রাখা হয় মরদেহ। পরে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
কোহিনূরের স্বামী আব্দুল মান্নান খান বাদী হয়ে ওই বছরের ২৩ আগস্ট চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিক ওরফে ধান্দা রফিক দীর্ঘদিন পলাতক ছিলেন।
২০২৪ সালের ৩০ জুন তৎকালীন চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক কোহিনূর হত্যা মামলায় আসামি নাজমা আক্তার ও রফিক ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দেন।
চাঁদপুর সদর মডেল থানার একই পুলিশ কর্মকর্তা প্রধান আসামি নাজমা আক্তারকে ২০২৫ সালের ১ জানুয়ারি গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।










