Ajker Patrika

চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের ভবনে অগ্নিসংযোগের অভিযোগ

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১৯: ১৩
চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের ভবনে অগ্নিসংযোগের অভিযোগ
ব্যাংকের দ্বিতীয় তলায় ক্ষতিগ্রস্ত আসবাবপত্র। ছবি: সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলার বাগাদীতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে ভবনের দ্বিতীয় তলার দুটি কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এই ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মাহমুদা আক্তার।

গ্রামীণ ব্যাংকের চাঁদপুর জোনাল ম্যানেজার তাপস আচার্য জানান, রাত সোয়া ৩টার দিকে ব্যাংকের নৈশপ্রহরী শাখা ব্যবস্থাপককে আগুন লাগার খবর দেন। পরে শাখা ব্যবস্থাপক তাঁকে বিষয়টি জানালে তিনি ফায়ার সার্ভিসকে খবর দিতে বলেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তাপস আচার্য আরও জানান, আগুনে ভবনের দ্বিতীয় তলার দুটি কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে। তবে ব্যাংকের কোনো নথিপত্রের ক্ষতি হয়নি এবং কেউ হতাহত হননি।

চাঁদপুর ফায়ার সার্ভিসের লিডার নজরুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ব্যাংকের অন্যান্য সম্পদ বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে আজ বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির এবং চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।

ওসি ফয়েজ আহমেদ বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত