Ajker Patrika

চাঁদপুরে আ.লীগের ১৬ নেতা-কর্মীসহ গ্রেপ্তার ২৮, আটক ১৯ কিশোর গ্যাং সদস্য

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে আ.লীগের ১৬ নেতা-কর্মীসহ গ্রেপ্তার ২৮, আটক ১৯ কিশোর গ্যাং সদস্য
ফাইল ছবি

চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতা-কর্মীসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৯ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে গ্রেপ্তারের পাশাপাশি ১৫০ গ্রাম গাঁজা ও ২২টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও আটক করা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ২৮ জনের মধ্যে জিআর মামলার আসামি ও সাজাপ্রাপ্ত ছয়জন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৬ নেতা-কর্মী, চাঁদাবাজির অভিযোগে একজন এবং মাদকসংশ্লিষ্ট পাঁচজন রয়েছেন।

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানা এলাকা থেকে ছয়জন, ফরিদগঞ্জ থেকে চারজন, মতলব দক্ষিণ থেকে দুজন, হাজীগঞ্জ থেকে দুজন এবং শাহরাস্তি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ফরিদগঞ্জ থানা-পুলিশ দুজনকে গ্রেপ্তার করে ১০টি ইয়াবা উদ্ধার করে। মতলব উত্তর থানা-পুলিশ দুজনকে গ্রেপ্তারের পাশাপাশি ১৫০ গ্রাম গাঁজা ও সাতটি ইয়াবা উদ্ধার করে। এ ছাড়া হাজীগঞ্জ থানা-পুলিশ একজনকে গ্রেপ্তার করে পাঁচটি ইয়াবা উদ্ধার করে।

এ ছাড়া চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ চাঁদাবাজির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে। একই থানা এলাকায় মাদকসেবী ও সন্দেহভাজন হিসেবে আরও আটজনকে আটক করা হয়।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে চাঁদপুর সদর মডেল থানা এলাকা থেকে চারজন, হাইমচর থেকে একজন, ফরিদগঞ্জ থেকে পাঁচজন, মতলব উত্তর থেকে ছয়জন এবং হাজীগঞ্জ থেকে তিনজনসহ মোট ১৯ জনকে আটক করা হয়েছে।

জিআর মামলার আসামি ও সাজাপ্রাপ্তদের মধ্যে হাইমচর থেকে একজন, মতলব উত্তর থেকে একজন, শাহরাস্তি থেকে দুজন, হাজীগঞ্জ থেকে একজন এবং কচুয়া থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর জানান, আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত