Ajker Patrika

রুমিন ফারহানার সমর্থকদের ওপর বিএনপি নেতা-কর্মীদের হামলার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৩১
রুমিন ফারহানার সমর্থকদের ওপর বিএনপি নেতা-কর্মীদের হামলার অভিযোগ
আশুগঞ্জ উপজেলা পরিষদের সামনে রুমিন ফারহানার সমর্থকদের ওপর হামলা চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ উপজেলা পরিষদের সামনে সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার রুমিন ফারহানার দুই সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত দুজন হলেন আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আতাউর রহমান ও সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব। তবে উপজেলা বিএনপির দাবি, মাদকসংক্রান্ত কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়েছে।

আতাউর রহমান ও রাসেল বিপ্লব বর্তমানে এমপি রুমিন ফারহানার সমর্থক বলে জানা গেছে।

আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া গ্রামের আবদুল কাদির শাহ পাঠাগারের উদ্যোগে উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাঠাগারের সভাপতি আতাউর রহমান গতকাল মঙ্গলবার অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা ও মিলনায়তন বরাদ্দ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন।

আবেদনে বলা হয়, খোলাপাড়া গ্রামের আবদুল কাদির শাহ পাঠাগারটি ২০১৮ সাল থেকে পল্লিগ্রামে শিক্ষার প্রসারে কাজ করছে। পাঠাগারটি জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের তালিকাভুক্ত একটি বেসরকারি পাঠাগার।

১৮ সেপ্টেম্বর বেলা ৩টায় আশুগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের—সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ—সংসদ সদস্য রুমিন ফারহানার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। ইউএনওকেও বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

পাঠাগারসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে সংবর্ধনা অনুষ্ঠানের অগ্রগতি জানতে উপজেলা পরিষদে যান আতাউর রহমান ও রাসেল বিপ্লব। ইউএনওর কক্ষের দিকে গিয়ে তাঁরা সেখানে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনকে ইউএনওর সঙ্গে কথা বলতে দেখেন। পরে তাঁরা কক্ষে না ঢুকে নিচে নেমে উপজেলা পরিষদের বিপরীত পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন।

রাসেল বিপ্লব বলেন, ‘নিচে উপজেলা পরিষদের বিপরীত দিকে দাঁড়িয়ে কথা বলছিলাম আমরা। দুপুরে জোহর নামাজের সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এসে তার লোকজন নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। সংসদ সদস্য রুমিন ফারহানা বিজয়ী হওয়ার পর থেকে বিএনপির নেতা-কর্মীরা আমাদের প্রতিপক্ষ হয়ে আছে।’

তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘মাদকের বিষয় নিয়ে আমাদের ছেলেপেলের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আমি তাদের ফিরিয়ে দিয়েছি।’

ইউএনও মো. জামাল হোসেন বলেন, উপজেলা পরিষদের পেছনের মাঠে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। রুমিন ফারহানা সংসদ সদস্য। তিনি চাইলে অবশ্যই সংবর্ধনা অনুষ্ঠান হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত