
উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় পুকুরে ডুবে শিশুমৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় সেই ঝুঁকি কমানোর উদ্যোগ নিয়েছে এক শিক্ষার্থী। মো. তাহাসিন নামের ওই শিক্ষার্থী উদ্ভাবন করেছে ‘চাইল্ড সেফটি ডিভাইস’ নামের একটি বিশেষ যন্ত্র, যা পানিতে ডুবে গেলেই শিশুর অভিভাবকের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে সংকেত পাঠাবে। একই সঙ্গে শিশুটির অবস্থানও জানা যাবে।
প্রায় ৫০ গ্রাম ওজনের ডিভাইসটির কার্যকারিতা গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে ভোলা পৌরসভার একটি পুকুরে পরীক্ষামূলক প্রদর্শনীর মাধ্যমে দেখানো হয়। এ সময় ভোলার সিভিল সার্জন মো. মনিরুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
তাহাসিন জানায়, কোনো শিশু ডিভাইসটি ব্যবহার করে পানিতে ডুবে গেলে সঙ্গে সঙ্গে অভিভাবকের মোবাইলে রিং বেজে উঠবে। এতে দ্রুত উদ্ধার সম্ভব হবে এবং শিশুমৃত্যুর হার কমে আসবে।
শুধু ‘চাইল্ড সেফটি ডিভাইস’ নয়, এ পর্যন্ত অন্তত ১৮টি যন্ত্র উদ্ভাবন করেছে তাহাসিন। এর মধ্যে রয়েছে ‘লাইফ সেফটি ডিভাইস’, যা ব্যবহারকারীর ওপর হামলার চেষ্টা হলে হামলাকারীকে ২৫০ থেকে ৩৫০ ভোল্টের বৈদ্যুতিক শক দেবে। এ ছাড়া ‘ফারমার সেফটি মেশিন’, ‘ফারমার হেলপার মেশিন’, ‘ফারমার অ্যাসিস্ট্যান্ট মেশিন’, স্মার্ট থিফ ট্যাপ সিকিউরিটি, স্মার্ট হর্ন, স্মার্ট ডাস্টবিন, স্মার্ট ওয়াটার ট্যাপ, ডোজ অ্যালার্ম গ্লাস, স্মার্ট বৈদ্যুতিক টেস্টার, অটোমেটিক কার্টেন ওপেনার ও স্মার্ট শিপ স্ট্যাবিলাইজারসহ নানা যন্ত্র উদ্ভাবন করেছে সে।
তাহাসিন ভোলা জেলার দুর্গম মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামের বাসিন্দা। তার বাবা আব্দুল হালিম স্থানীয় একটি মাদ্রাসার সহকারী শিক্ষক। তাহাসিন বর্তমানে ঢাকার মটস ইনস্টিটিউট অব টেকনোলজির ইলেকট্রিক্যাল বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী।
তাহাসিন জানায়, ছোটবেলা থেকে নতুন কিছু করার স্বপ্ন ছিল তার। লেখাপড়ার ফাঁকে উদ্ভাবনী কাজে সময় দেয় সে। তবে আর্থিক অসচ্ছলতার কারণে অনেক আবিষ্কার বাস্তবে রূপ দিতে পারছে না। মা-বাবার দেওয়া খরচের টাকা থেকে সঞ্চয় করে এখন পর্যন্ত ৭০ থেকে ৮০ হাজার টাকা ব্যয়ে এসব যন্ত্র তৈরি করেছে সে।

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, ‘তাহাসিনের উদ্ভাবন অত্যন্ত প্রশংসনীয়। এই ডিভাইসের মাধ্যমে যদি একটি শিশুর প্রাণও রক্ষা পায়, তাহলে তার প্রচেষ্টা সার্থক। সরকারি ও বেসরকারি উদ্যোগে স্বল্প খরচে বাণিজ্যিকভাবে এটি তৈরি করা গেলে সারা দেশে উপকার পাওয়া যাবে।’ প্রশাসনের পক্ষ থেকে তাকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
ভোলার সিভিল সার্জন মো. মনিরুল ইসলাম বলেন, ভোলায় প্রায় প্রতিদিনই পানিতে ডুবে শিশুমৃত্যুর ঘটনা ঘটে, যা অত্যন্ত বেদনাদায়ক। এই ধরনের উদ্ভাবন শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৩ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৩ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৩ ঘণ্টা আগে