ভোলার মনপুরায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের সময় ট্রলারভর্তি ১৩ মণ মা ইলিশ জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় ট্রলারের মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার চর পাতিলাসংলগ্ন মেঘনা নদী থেকে মা ইলিশবোঝাই ট্রলারটি আটক করেন কোস্ট গার্ডের সদস্যরা। পরে ট্রলারটি হাজিরহাট সি ট্রাক ঘাটে নিয়ে আসা হয়।
ওই দিন সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রলারের মালিক আবদুল হাই সিকদারকে দুই লাখ টাকা জরিমানা করেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খান সালমান হাবিব।
কোস্ট গার্ড জানায়, ট্রলারটিতে ১৩ মণ মা ইলিশ ছিল। পরে জব্দ করা ইলিশগুলো উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এনে এতিম ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখা জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রলারের মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।










