Ajker Patrika

কৃষক কবির হত্যা: প্রধান আসামির সহযোগী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 
কৃষক কবির হত্যা: প্রধান আসামির সহযোগী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বরিশালের মেহেন্দীগঞ্জের কাজীরহাটে কৃষক কবির ব্যাপারী (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় ইউসুফ ফরাজী (২৩) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার আসামিকে বরিশাল আদালতে তোলা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গ্রেপ্তার ইউসুফ ফরাজী মেহেন্দীগঞ্জের কাজীরহাট থানার বিদ্যানন্দপুর গ্রামের তাইজুদ্দিন ফরাজীর ছেলে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মামুন বলেন, ‘ইউসুফ ফরাজী মামলার এজাহারনামীয় আসামি না। তবে হত্যাকাণ্ডের ২ নম্বর আসামি সেলিম ব্যাপারীর প্রত্যক্ষ সহযোগী ছিলেন বলে তথ্য ছিল। পরে তাঁকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেন। এরপর আজ তাঁকে আদালতে পাঠানো হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়।’

কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কবির ব্যাপারী হত্যা মামলায় এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর বিকেল পৌনে ৪টার দিকে মেহেন্দীগঞ্জের কাজীরহাট বাজার এলাকায় কৃষক কবির ব্যাপারীকে একদল দুর্বৃত্ত কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পাশের ডোবায় ফেলে রেখে যায়। তিনি মুলাদীর কাজিরচর ইউনিয়নের চর বাহাদুরপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

এ ঘটনায় তাঁর স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে কাজীরহাট থানায় একটি হত্যা মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত