Ajker Patrika

বরিশালে অনলাইন হয়রানির শিকার ৬৩.৫ শতাংশ, আইনের আশ্রয় নেন মাত্র ৫.৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ২১: ১০
বরিশালে অনলাইন হয়রানির শিকার ৬৩.৫ শতাংশ, আইনের আশ্রয় নেন মাত্র ৫.৮ শতাংশ
বুধবার বিকেলে উন্নয়ন সংগঠন ‘সহমত’-এর কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে জরিপের ফল প্রকাশ করেন। ছবি: আজকের পত্রিকা

বরিশাল অঞ্চলে ৬৩ দশমিক ৫ শতাংশ মানুষ অনলাইন হয়রানির শিকার হচ্ছেন। এসব ঘটনার পর অধিকাংশ ভুক্তভোগী মানসিক চাপে পড়লেও আইনি জটিলতা, অজ্ঞতা ও ঝামেলা এড়াতে আইনের আশ্রয় নিচ্ছেন না। উন্নয়ন সংগঠন ‘সহমত’-এর এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সংগঠনটির কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে জরিপের ফল প্রকাশ করেন। সহমতের প্রধান নির্বাহী দিপু হাফিজুর রহমান জানান, গত জুলাই থেকে সেপ্টেম্বর মাসে অনলাইনে এ জরিপ পরিচালনা করা হয়। এতে ১১৫ জন অংশগ্রহণ করেন।

জরিপে অংশগ্রহণকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, অনলাইনে অনাকাঙ্ক্ষিত বার্তা, আক্রমণাত্মক ও যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য এবং ব্যক্তিগত ছবি ও তথ্য ছড়িয়ে দেওয়ার হুমকির শিকার হয়েছেন অনেকে। এসব ঘটনা মানুষের নিরাপত্তা, মর্যাদা ও সমান অংশগ্রহণের সুযোগকে ঝুঁকির মুখে ফেলছে।

জরিপের ফলাফলে বলা হয়, হয়রানির শিকার ব্যক্তিদের মধ্যে ৫৯ দশমিক ১ শতাংশ নারী এবং ৪০ দশমিক ৯ শতাংশ পুরুষ। তাঁদের মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ মেসেঞ্জার ইনবক্সে হয়রানির শিকার হয়েছেন। এ ছাড়া ৪২ দশমিক ৫ শতাংশ ভুয়া আইডি থেকে এবং ৩৪ দশমিক ১ শতাংশ আক্রমণাত্মক মন্তব্যের মাধ্যমে হয়রানির শিকার হয়েছেন।

হয়রানির ঘটনার পর ৬৯ দশমিক ৮ শতাংশ ভুক্তভোগী সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্লক করেছেন এবং ৪২ দশমিক ২ শতাংশ অনলাইনে অভিযোগ জানিয়েছেন। তবে আইনের আশ্রয় নিয়েছেন মাত্র ৫ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে ৬০ দশমিক ৬ শতাংশ ভুক্তভোগী ঝামেলা এড়াতে আইনি পদক্ষেপ নেননি বলে জানিয়েছেন।

অনলাইন হয়রানি প্রতিরোধে ডিজিটাল নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ, অভিযোগ গ্রহণ ও আইনি সহায়তা সহজ করা এবং স্থানীয় পর্যায়ে সহায়তা নেটওয়ার্ক গড়ে তোলার সুপারিশ করেছে সহমত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহমতের প্রধান উপদেষ্টা জোহরা মমতাজ সাকি, যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট অর্গানাইজেশনাল কনসালট্যান্ট ক্রিস মিলার, চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক সামিয়া আলি অন্না, হ্যালো বরিশালের সহপ্রতিষ্ঠাতা মো. সাইদুল ইসলাম, বিবিডিসির সমন্বয়ক জান্নাতুল মাওয়া অন্তরা এবং সমগতির সভাপতি নাজনিন সুলতানাসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত