Ajker Patrika

বরিশালে পার্কিং করা বাসে আগুন-ট্রাকে পেট্রলবোমা, মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে পার্কিং করা বাসে আগুন-ট্রাকে পেট্রলবোমা, মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা
বরিশাল নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে পার্কিং করে রাখা বিএমএফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

বরিশাল নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। একই রাতে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টার ঘটনাও ঘটেছে। এ ছাড়া গৌরনদীতে একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। আজ বুধবার রাতে এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাতটার দিকে নথুল্লাবাদ বাস টার্মিনালের দক্ষিণ পাশে পার্কিং করে রাখা বিএমএফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটির ইঞ্জিনের কভারের ওপর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ইঞ্জিন কভার, স্টিয়ারিংসহ বাসের কয়েকটি অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

বাসে আগুন দেখতে পেয়ে টার্মিনালের শ্রমিকেরা জানালার কাচ ভেঙে আগুন নেভান। বিএমএফ পরিবহনের বাসটির মালিক মো. শিবলু বলেন, কিছুক্ষণ আগেই বাসটিতে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

বাসচালক কাজী মো. রানা বলেন, হঠাৎ পাশের বাসে আগুন জ্বলতে দেখে তাঁরা দ্রুত আগুন নেভান। বাসটি তিন মাস ধরে সেখানে পার্কিং করা ছিল।

এদিকে, আজ রাতেই ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে আগুন জ্বালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মহাসড়কের ওপর একটি গাছ ফেলে তাতে আগুন দিয়ে অবরোধের চেষ্টা করা হয়েছে। পাশেই নিষিদ্ধ ছাত্রলীগের একটি ব্যানারও পড়ে থাকতে দেখা যায়।

এসব ঘটনার বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ধরনের কোনো ঘটনার খবর তিনি এখনো পাননি।

অন্যদিকে, সন্ধ্যা সাতটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোরের বাইচখোলা এলাকায় বাঁশবোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেলকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে ক্ষুদেবার্তা পাঠিয়েও উত্তর পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত