Ajker Patrika

বামনায় ইটবোঝাই টমটমের চাপায় প্রাণ গেল শিক্ষিকার

বরগুনা প্রতিনিধি
বামনায় ইটবোঝাই টমটমের চাপায় প্রাণ গেল শিক্ষিকার
নিহত শিক্ষিকা মোছা. আসমা বেগম। ছবি: সংগৃহীত

বরগুনার বামনায় ইটবোঝাই টমটমের চাকায় পিষ্ট হয়ে মোছা. আসমা বেগম (৩৩) নামের এক শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর কোলে থাকা শিশুসন্তান প্রাণে বেঁচে গেছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন টমটমচালককে আটক করে পুলিশে দিয়েছেন।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজসংলগ্ন বামনা-পাথরঘাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসমা বেগম উপজেলার গুদিঘাটা এলাকার মো. মন্নান মিয়ার মেয়ে। তিনি ডৌয়াতলা এলাকার গাজী প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসমা বেগম তাঁর শিশুসন্তানকে কোলে নিয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা ইটবোঝাই একটি টমটম তাঁকে ধাক্কা দেয়। এতে শিশুসন্তানসহ তিনি সড়কে ছিটকে পড়েন। শিশুটি প্রাণে বাঁচলেও টমটমের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন আসমা বেগম।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাঁরা টমটমটির চাকায় আগুন ধরিয়ে দেন এবং চালক জাহিদকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার ও চালককে আটক করে।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, খবর পেয়ে পুলিশ চালককে আটক করেছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা সড়কে বিক্ষোভ করেছেন। আইনি ব্যবস্থা নিতে থানায় মামলা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত