Ajker Patrika

চার বছর পর মিজোরাম থেকে ফিরল তিন বম পরিবার

থানচি (বান্দরবান) প্রতিনিধি  
চার বছর পর মিজোরাম থেকে ফিরল তিন বম পরিবার
চার বছর পর মিজোরাম থেকে দেশে ফিরলেন তিন বম পরিবার। ছবি: আজকের পত্রিকা

‘নিজ দেশ ও মাতৃভূমি ছেড়ে সুখে নেই। নিজের পাড়া, নিজের মানুষ আর জন্মভূমির টান সব সময় মনে ছিল। চার বছর পর নিজ পাড়ায় ফিরে এভাবেই অনুভূতির কথা জানালেন ভারতের মিজোরামে আশ্রয় নেওয়া বম সম্প্রদায়ের তিন পরিবারের প্রধান।

দীর্ঘদিন পর বান্দরবানের থানচি উপজেলার নিজ পাড়ায় ফিরেছেন মিজোরাম থেকে আসা বম সম্প্রদায়ের তিন পরিবারের ১৮ সদস্য।

আজ রোববার সন্ধ্যায় বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় তাঁদের গ্রামে প্রত্যাবর্তন করেন তাঁরা।

বাকলাই পাড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফকাত মুবাররাত চৌধুরীর নেতৃত্বে সন্ধ্যা ৬টায় তিন পরিবারের সদস্যদের শেরকর ও প্রাতা পাড়ায় পৌঁছে দেওয়া হয়। এ সময় শেরকর পাড়ার কারবারি তুমথন বম ও প্রাতা পাড়ার কারবারি পার্কেল বম উপস্থিত ছিলেন।

ফিরে আসা তিন পরিবারের প্রধান ভানরৌখম বম, রুয়াতখুপ বম ও লালচম বম জানান, কুকি-চিন ন্যাশনাল আর্মির তাণ্ডবের কারণে তাঁরা ২০২০ সালের দিকে নিরাপত্তার জন্য ভারতে মিজোরামে পালিয়ে যান। দীর্ঘ সময় সেখানে থাকার পর অবশেষে মাতৃভূমিতে ফিরে তাঁরা স্বস্তি প্রকাশ করেন।

ভানরৌখম বম বলেন, ‘নিজ দেশ ছেড়ে অন্য দেশে থাকলে কখনো নিজের বাড়ির মতো লাগে না। এতদিন পর নিজের পাড়ায় ফিরতে পেরে ভালো লাগছে। নিজের মাটি ও মানুষের কাছে ফিরে এসেছি, এটাই সবচেয়ে বড় আনন্দ।’

রুয়াতখুপ বম বলেন, ‘বাড়িঘর, আত্মীয়স্বজন ও নিজের পাড়ার কথা সব সময় মনে পড়ত। মিজোরামে থাকলেও মন পড়ে থাকত দেশে। অনেক বছর পর আবার নিজের জায়গায় ফিরেছি।’

লালচম বম বলেন, ‘নিজ দেশ ও মাতৃভূমি ছেড়ে সুখে নেই। নানা কষ্টের মধ্যে এত বছর পার করেছি। এখন নিজের পাড়ায় ফিরে এসেছি। পরিবার নিয়ে শান্তিতে থাকতে চাই।’

বম পরিবারের প্রধানেরা বলেন, ২০২৩ সালে কুকি-চিন ন্যাশনাল আর্মি সেনা ক্যাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়েন এবং রাতভর বন্দুকযুদ্ধের পর সেনাবাহিনীর চিরুনি অভিযানে টিকতে না পেরে রুমা ও থানচি উপজেলার সীমান্ত ব্যবহার করে তাঁরা ভারতের মিজোরামে গিয়েছিলেন। ২০২৬ সালে বম সোশ্যাল কাউন্সিলের নেতৃবৃন্দ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে তাঁদের আশ্বস্ত করেন। ১১ সেপ্টেম্বর মিজোরামের শিলকর থেকে রাঙামাটির শিলকোপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তাঁরা। শিলকোপাড়া ১২ বিজিবির থেগামুখ বিওপি তাঁদের আটক করে হেফাজতে নেয়। পরে ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় বান্দরবান রিজিয়নের আইসি বিভাগ (১৬ ইবি) তাঁদের গ্রহণ করে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিজ পাড়ায় প্রত্যাবাসনের জন্য তাঁদের বাকলাই পাড়া আর্মি ক্যাম্পে পাঠানো হয়।

ফিরে আসা তিন পরিবারের মধ্যে থানচি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেরকর পাড়ার দুটি পরিবারের সদস্যসংখ্যা ৭ ও ৮ জন এবং একই ওয়ার্ডের প্রাতা পাড়ার একটি পরিবারের সদস্যসংখ্যা ৩ জন। তাঁদের মধ্যে শিশু ও কিশোরও রয়েছে।

নিজ পাড়ায় ফেরার আগে বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে নগদ ১৫ হাজার টাকা, ৫০ কেজি চাল, ১০ কেজি ডাল, ৫ কেজি তেল, ৫ কেজি পেঁয়াজ, ৫ কেজি আলু, ৫ কেজি লবণ, একটি সোলার প্যানেল, একটি ব্যাটারি, একটি বালতি, মগ, পাতিল, প্লেট ও গ্লাসসহ প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত