Ajker Patrika

পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী

থানচি (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ২৩: ৩১
পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী
অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। ছবি: আজকের পত্রিকা

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। তাঁদের নিজস্ব ভাষায় কথা বলা, সংস্কৃতিচর্চা ও ঐতিহ্য পালনের অধিকার রয়েছে। রাষ্ট্র বা কোনো ব্যক্তির তাঁদের জোর করে বাঙালি বলার অধিকার নেই।

আজ শুক্রবার বান্দরবানের থানচি উপজেলায় পুলিশের পরিচালিত হাইল্যান্ডার পার্কে এক সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীকে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছিল। কিন্তু বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের জাতিগোষ্ঠীগুলোকে ভিন্ন দৃষ্টিতে দেখেন না। তিনি সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, এ দেশের জাতি-ধর্ম যার যার, দেশ সবার। প্রতি জনগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যচর্চার অধিকার রয়েছে।

স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মংশৈম্রাই মারমা। এতে বক্তব্য দেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খামলাই ম্রোসহ অন্যরা।

আগামীকাল শনিবার (২৪ অক্টোবর) সকালে প্রতিমন্ত্রীর দুর্গম রেমাক্রী পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। সেখানে স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে উন্নয়ন এবং সংস্কৃতিবিষয়ক মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত