Ajker Patrika

থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনার প্রস্তুতি, পাহাড়ে উৎসবের আমেজ

থানচি (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১৯: ৩০
থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনার প্রস্তুতি, পাহাড়ে উৎসবের আমেজ
বিজিবি ৩৮ ব্যাটালিয়নের সরবরাহ করা ব্যানার। ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচি উপজেলায় বান্দরবান জেলাভিত্তিক সম্প্রীতি ও উন্নয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে সংবর্ধনা দেওয়া হবে আগামী মঙ্গলবার। ওই দিন বিকেল ৪টায় থানচি উপজেলা মিনি স্টেডিয়ামে ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের উদ্যোগে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য (এমপি) রাজপুত্র সাচিংপ্রু জেরীর উপস্থিত থাকার কথা রয়েছে। মন্ত্রীর প্রথম থানচি সফরকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

আজ বৃহস্পতিবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বলিপাড়া ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন সংবর্ধনা আয়োজনের তথ্যটি নিশ্চিত করেন।

বান্দরবান জেলাভিত্তিক সম্প্রীতি ও উন্নয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে থানচি মহিলা ফুটবল দল। পাহাড়ের ক্রীড়াঙ্গনে এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ দলের কৃতী নারী ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হবে।

৩৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মেজর মো. জাকির হোসেন জানান, অনুষ্ঠানে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। অনুষ্ঠানে থানচি ও এর আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, থানচির নারী ফুটবলারদের এই অর্জন পুরো এলাকার গৌরব। নতুন প্রজন্মের মেয়েদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে এই সংবর্ধনা ভূমিকা রাখবে বলে আশা করছেন তাঁরা।

অনুষ্ঠানকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদারের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন ঘিরে থানচি উপজেলা মিনি স্টেডিয়াম পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মিলনমেলায় পরিণত হবে বলে প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত