থানচি-তিন্দু সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

বান্দরবানের থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। ঝুঁকিপূর্ণ সড়কটির সংস্কারকাজ শেষ করে চলাচলের উপযোগী না করা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল ফয়সালের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, থানচি-আলীকদম অভ্যন্তরীণ সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই সড়কটি সংস্কার করে পুনরায় চলাচলের উপযোগী না করা পর্যন্ত পর্যটকবাহী যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ নিষেধাজ্ঞার আওতায় মোটরসাইকেলসহ হালকা ও ভারী সব ধরনের যানবাহন রয়েছে।
এ বিষয়ে ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল ফয়সাল বলেন, তিন্দু বাজারের সংযোগ সড়কটির সংস্কারকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। কাজ চলমান রয়েছে। সড়কটির বিভিন্ন অংশ ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় পর্যটকদের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সম্প্রতি এই এলাকায় দুর্ঘটনায় দুই পর্যটকের মৃত্যুর ঘটনাও ঘটেছে। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই যান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।









