Ajker Patrika

থানচিতে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান

থানচি (বান্দরবান) প্রতিনিধি
থানচিতে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান
সুন্দর পরিবেশ ও সুস্বাস্থ্য রক্ষায় শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান। ছবি: আজকের পত্রিকা

বান্দরবানের থানচি উপজেলায় ডেঙ্গু, ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। পরিবেশদূষণ রোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাবিষয়ক সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়।

আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে উপজেলা সদরের বাসস্টেশন, উপজেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ, স্বাস্থ্য কমপ্লেক্স এবং থানচি স্টেশন থেকে হাসপাতাল পর্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অভিযান চলে।

অভিযানে রাস্তার পাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা একবার ব্যবহারযোগ্য পলিথিন, প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেটসহ বিভিন্ন অপচনশীল বর্জ্য সংগ্রহ করে বস্তায় ভরা হয়। পরে বর্জ্যগুলো নির্ধারিত বর্জ্য ফেলার স্থানে জমা দেওয়া হয়।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের পরামর্শে স্থানীয় উন্নয়ন সহযোগী সংস্থা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের রোয়াক্যং শিক্ষা প্রকল্পের উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

সুন্দর পরিবেশ ও সুস্বাস্থ্য রক্ষায় শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান। ছবি: আজকের পত্রিকা
সুন্দর পরিবেশ ও সুস্বাস্থ্য রক্ষায় শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান। ছবি: আজকের পত্রিকা

হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের পরিচালক মংমংসিং মারমা বলেন, ‘লামা, রুমা ও থানচি—এই তিন উপজেলায় সংস্থার ৩৫টি রোয়াক্যং স্কুল রয়েছে। এসব বিদ্যালয়ে শিশুশ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত তিন শতাধিক শিক্ষার্থী এবং ৬০ থেকে ৭০ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। তাঁরা প্রতি সপ্তাহে অথবা মাসে অন্তত একবার নিজ নিজ বিদ্যালয় ও আশপাশের গ্রামে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এ ছাড়া প্রতিবছর নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসে উপজেলা সদরে মাসে দুবার করে এ ধরনের অভিযান চালানো হয়।’

মংমংসিং মারমা আরও বলেন, ‘পরিচ্ছন্নতা অভিযান শুধু ময়লা-আবর্জনা পরিষ্কারের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে শিশুদের ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তোলা, যেখানে-সেখানে বর্জ্য না ফেলার অভ্যাস গড়ে তোলা এবং পরিবার ও সমাজের অন্যদের স্বাস্থ্যসচেতন করে তোলাই আমাদের মূল লক্ষ্য।’

মংমংসিং মারমা বলেন, ‘ডেঙ্গু ও ম্যালেরিয়াবাহী মশার প্রজননস্থল ধ্বংস, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং পানিবাহিত রোগের ঝুঁকি কমাতেও এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

রোয়াক্যং স্কুলের ৮৭ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়। এ ছাড়া প্রকল্প ব্যবস্থাপক বিদ্যাপূর্ণ চাকমা, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), কোষাধ্যক্ষ চিংথোয়াই অং মারমা, সুপারভাইজার হালিরাম ত্রিপুরা, রোয়াক্যং স্কুলের শিক্ষিকা চেরি ত্রিপুরা ও হ্লায়ইচিং মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত