Ajker Patrika

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

ক্লিনিক সিলগালার পর এবার মোরেলগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৭ জুলাই ২০২৬, ২৩: ২৬
ক্লিনিক সিলগালার পর এবার মোরেলগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন মুফতি। ছবি: সংগৃহীত

ব্যক্তিগত ক্লিনিকের কার্যক্রম বন্ধের (সিলগালা) পর এবার অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন মুফতিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের পরিদর্শনে আসার পরদিন গতকাল রোববার এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ শৃঙ্খলা-২ শাখার সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত ওই আদেশের চিঠি আজ সোমবার বাগেরহাট স্বাস্থ্য বিভাগে পৌঁছায়।

বাগেরহাটের সিভিল সার্জন আ স ম মাহবুবুর রহমান চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কামাল হোসেন মুফতিকে সাময়িক বরখাস্তের চিঠি পেয়েছি। ওই চিঠির আদেশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত শনিবার বেলা ১১টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। দুই ঘণ্টাব্যাপী পরিদর্শনে মন্ত্রী হাসপাতালে নানা অনিয়ম দেখতে পান। হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনের কক্ষ খুলে চক্ষু চড়কগাছ হয় মন্ত্রী ও সরকারি আমলাদের। পরিত্যক্ত ওই ভবনের বিভিন্ন কক্ষভর্তি করে রাখা ছিল সরকারি ওষুধ, স্যালাইন, সুই-সিরিঞ্জ ও অন্যান্য চিকিৎসাসামগ্রী। এমনকি শৌচাগারেও ছিল স্যালাইন ও ওষুধের স্তূপ। সে সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রী বিভাগীয় পরিচালককে মোবাইল ফোনে নির্দেশনা দিয়েছিলেন।

নির্দেশনা অনুযায়ী গতকাল দুপুরে স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক শেখ মো. মোশাররফ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা (স্বাস্থ্য) শফিউর রহমান ও বাগেরহাটের সিভিল সার্জন আ স ম মাহবুবুর রহমান হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় স্বাস্থ্য কর্মকর্তা পরিচালিত স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন ফ্যামিলি হেলথ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত