Ajker Patrika

গরু নিয়ে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন, বাসের ধাক্কায় বাবা নিহত, ছেলেসহ আহত ২

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি  
গরু নিয়ে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন, বাসের ধাক্কায় বাবা নিহত, ছেলেসহ আহত ২
ভ্যানগাড়িকে ধাক্কা দেওয়ায় বাসটি জব্দ করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের ফকিরহাটে গরু নিয়ে ভ্যানে করে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মো. জাহিদুল ইসলাম খলিল (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে নাহিদ হাসান (২০) ও ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুরের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম খলিল খুলনার লবণচরার মোক্তার হোসেন সড়ক এলাকার ছামাদ আকনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে জাহিদুল ইসলাম খলিল ও তাঁর ছেলে ফকিরহাটের বেতাগা পশুরহাট থেকে একটি গরু কিনে ভ্যানে করে খুলনার দিকে যাচ্ছিলেন। খাজুরা এলাকায় পৌঁছালে খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাস ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন জাহিদুল ইসলাম খলিল।

গুরুতর আহত নাহিদ হাসান ও ভ্যানচালককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নাহিদ হাসানের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় ভ্যানে থাকা গরুটি অক্ষত রয়েছে।

স্থানীয় বাসিন্দা জাহিদ মিয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি মাহিন্দ্র নিয়ে ঘটনাস্থলে যান। পরে অচেতন অবস্থায় জাহিদুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সৈয়দা রেহেনা আক্তার বলেন, সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহতের পরিবারের সদস্যদের আহাজারির দৃশ্য দেখা যায়। নিহতের এক ছেলে বাবার মরদেহ জড়িয়ে ধরে কান্না করছিলেন। অন্যদিকে গুরুতর আহত নাহিদ হাসানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হচ্ছিল। তাঁর জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হওয়ায় পরিবারের এক সদস্য বাবার মরদেহ হাসপাতালে রেখে রক্তের সন্ধানে ছুটে যান।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহাজাহান বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত