
রাজধানীর মিরপুর-১ এ ভাঙচুর ও লুটপাটের পর গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ–ফ্যামিলি প্ল্যানিং (এমসিএইচ-এফপি) সেন্টারটি বিএনপির অর্থায়নে সংস্কার করা হচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বাস্থ্যকেন্দ্রটির ক্ষতিগ্রস্ত দেয়াল মেরামত করছেন শ্রমিকেরা। দরজা-জানালাসহ প্রয়োজনীয় সামগ্রীও আনা হচ্ছে।
সংস্কারকাজ তদারকিতে সেখানে অবস্থান করছেন বিএনপি ও যুবদলের প্রায় অর্ধশত নেতা-কর্মী। আগামী পাঁচ দিনের মধ্যে কাজ শেষ করে স্বাস্থ্যকেন্দ্রটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তারা।
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম এ রাজ্জাক বলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্দেশনা ও উদ্যোগে স্বাস্থ্যকেন্দ্রটি সংস্কার করা হচ্ছে। সাত দিনের মধ্যে ভবনটি ব্যবহার উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে দুই দিনে ময়লা-আবর্জনা পরিষ্কার ও ধ্বংসস্তূপ সরানো হয়েছে। আজ ক্ষতিগ্রস্ত দেয়ালের কাজ করা হচ্ছে। আগামী পাঁচ দিনের মধ্যে পুরো সংস্কারকাজ শেষ করার চেষ্টা চলছে।
মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন অংশে শ্রমিকেরা কাজ করছেন। রাজমিস্ত্রিরা ভেঙে যাওয়া দেয়াল পুনর্নির্মাণ করছেন। একটি ভ্যানে করে দরজা-জানালা আনা হচ্ছিল। এসব কাজ তদারকি করছিলেন যুবদলের নেতা-কর্মীরা। তাঁদের কারও কারও গায়ে ‘যুবদল’ লেখা টি-শার্ট এবং মাথায় কমলা রঙের ক্যাপ দেখা যায়। ক্যাপগুলোতে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজের নাম লেখা ছিল।
যুবদল কর্মী ইব্রাহিম বলেন, ‘আমরা এখানে সংস্কারকাজ তদারকি করছি। একই সঙ্গে কেউ যাতে এসে কোনো ধরনের ঝামেলা করতে না পারে, সে বিষয়েও আমরা সজাগ আছি।’
এ দিকে স্বাস্থ্যকেন্দ্রটির দক্ষিণ পাশের দুটি কক্ষে টিকাদান কার্যক্রম চালু রয়েছে। সেখানে স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন করতে দেখা যায়। নিরাপত্তার জন্য একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে পুলিশের ১৬ সদস্যের একটি দলও দায়িত্ব পালন করছে। স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন কক্ষে নতুন ফ্যানও লাগানো হয়েছে।
এর আগে গত রোববার স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনে যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। তাঁরা বলেন, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দলীয় কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমিনুল হকও দলীয় নেতা-কর্মীদের কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
এর আগে গত সোমবার সকালে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে নেতা-কর্মীরা স্বাস্থ্যকেন্দ্রটির মূল ফটক সরিয়ে ফেলেন এবং কক্ষ পরিষ্কারে অংশ নেন। পরে প্রধান ফটকে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের ব্যানার টাঙানো হয়। একই দিন সেখানে মা ও শিশুদের চিকিৎসাসেবা দিতে দেখা যায় স্বাস্থ্যকেন্দ্রটির কর্মকর্তা-কর্মচারীদের।
এ দিকে রোববার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন। তাঁর উপস্থিতিতে স্বাস্থ্যকেন্দ্রে লাগানো ‘সমমনা দোকানদার সমিতি’র সাইনবোর্ড সরিয়ে দেন এনসিপি ও যুবশক্তির নেতা-কর্মীরা।
পরে সাংবাদিকদের কাছে আসিফ মাহমুদ বলেন, যারা স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছিল, তারাই পরে এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নিয়েছে।
গত বৃহস্পতিবার গভীর রাতে মিরপুর-১-এর প্রায় ৫০ বছরের পুরোনো এই স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। মামলার বিবরণ অনুযায়ী, ২০০ থেকে ২৫০ জনের একটি দল স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে এবং পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ভবনের বিভিন্ন অংশ ভেঙে ফেলে। একটি পাকা ও তিনটি আধাপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকা, আসবাবসহ বিভিন্ন মালামালও লুট করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে প্রায় দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এমসিএইচ-এফপি নির্বাহী পরিচালক নাসরিন আখতার।
ওই ঘটনায় অভিযোগ রয়েছে, ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির অনুসারীরা এ হামলা করেন। এই ঘটনায় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীর নাম এসেছে বিভিন্ন অনুসন্ধানে। তাঁদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরে নেতৃত্ব দেওয়ার অভিযোগও উঠেছে। তবে ফেরদৌসী আহমেদ মিষ্টির অভিযোগের বিষয়ে অস্বীকার করে তিনি কিছুই জানেন না বলে জানান।
এ ঘটনায় করা মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফসহ ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা করেন এমসিএইচ-এফপি নির্বাহী পরিচালক নাসরিন আখতার।
হামলার ঘটনায় ইতিমধ্যে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং লুট হওয়া বিভিন্ন মালামালও উদ্ধার করা হয়েছে।

কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৩ মিনিট আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৭ মিনিট আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে একটি চরাঞ্চলে গড়ে ওঠা ‘কাশফুলের ঘাট’ নামে একটি চা ও কফি শপ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। দুর্গম এলাকায় অসামাজিক কার্যকলাপের এই কেন্দ্রটি বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়
১ ঘণ্টা আগে