Ajker Patrika

বিইউপির আবাসিক এলাকা উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বিইউপির আবাসিক এলাকা উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী
ছবি: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সৌজন্যে

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) নবনির্মিত আবাসিক এলাকা উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। গতকাল বুধবার তিনি বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা উদ্বোধনের পাশাপাশি একাডেমিক কার্যক্রমেও অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে বিইউপির আবাসিক এলাকা উদ্বোধন করেন এবং বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে বিইউপির স্বাধীনতা অডিটোরিয়ামে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম। তিনি পেশাগত উচ্চশিক্ষা ও অত্যাধুনিক গবেষণার ক্ষেত্রে বিইউপির ধারাবাহিক অগ্রগতির চিত্র তুলে ধরেন। পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং আধুনিক শিক্ষার অগ্রভাগে বিইউপিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা জানান।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী বিইউপির ১৫ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে একক বিভাগে চারজন এবং দলীয় বিভাগে ১১ জন শিক্ষার্থী রয়েছেন। এ ছাড়া গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন শিক্ষককে ‘বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বিইউপির অগ্রযাত্রার প্রশংসা করেন। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সাফল্য কেবল শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ, নৈতিকতা, সততা ও গভীর সামাজিক দায়বদ্ধতা সৃষ্টির সক্ষমতার মধ্যেও এর প্রকৃত সাফল্য নিহিত।

শিক্ষামন্ত্রী দেশপ্রেমিক ও দক্ষ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে বিইউপির ভূমিকার প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয়ের অব্যাহত সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, নবনির্মিত স্থাপনাগুলো বিইউপির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে ভূমিকা রাখবে। পাশাপাশি আধুনিক শিক্ষার পরিবেশ, উদ্ভাবনী গবেষণা এবং সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত