Ajker Patrika

ঈদ আনন্দে মুখর গাংনীর বিনোদনকেন্দ্রগুলো

রাকিবুল ইসলাম, গাংনী (মেহেরপুর) 
ঈদ আনন্দে মুখর গাংনীর বিনোদনকেন্দ্রগুলো
ঈদ উপলক্ষে কাজীপুর ও ধর্মদা ব্রিজের পাশে মাথাভাঙ্গা নদীর তীরে বিনোদনকেন্দ্রে আসছে বহু মানুষ। ছবি: আজকের পত্রিকা

ঈদুল আজহার তৃতীয় দিনে গতকাল শনিবার বিনোদনপ্রেমীদের উপচে পড়া ভিড় ছিল মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ও কুষ্টিয়া দৌলতপুরের ধর্মদাহের মাথাভাঙ্গা নদীর তীর। দুই জেলার মানুষের পদচারণে মুখর ছিল নদীতীরের বিনোদনকেন্দ্রটি। একদিকে এখানে যেমন তীব্র গরম, অন্যদিকে ছিল যানজট। কাজীপুর ব্রিজে যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দর্শনার্থী ও পথচারীরা। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা।

জানা গেছে, কাজীপুর ও ধর্মদা ব্রিজের পাশে মাথাভাঙ্গা নদীর তীরে বিনোদনকেন্দ্রে বহু মানুষ প্রতিদিন বেড়াতে আসেন। তবে ঈদের সময় কয়েক গুণ ভিড় বেড়ে যায়। মানুষের পদচারণে মুখর থাকে নদীতীরের বিনোদনকেন্দ্রটি। ঈদের চার-পাঁচ দিন থাকে এই ভিড়। তবে ঈদের তিন দিন থাকে সবচেয়ে বেশি ভিড়। নদীর সৌন্দর্য ছাড়াও এখানে রয়েছে দোলনা, ছোট ট্রেন ও রকমারি খাবারের বেশ কিছু দোকান।

মোহাম্মদ মিলন উদ্দিন নামের এক দর্শনার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘সিঙ্গাপুর থেকে ছুটিতে বাড়ি এসেছি। ঈদ উপলক্ষে স্ত্রী-সন্তানদের নিয়ে এখানে ঘুরতে এসেছি। জায়গাটি অনেক সুন্দর। দুই জেলার মানুষ যেন এক মোহনায় মিলিত হয়েছে।’

মোহাম্মদ কবির উদ্দিন নামের আরেক দর্শনার্থী বলেন, মধ্য কাজীপুর ও ধর্মদহ ব্রিজের পাশে বিনোদনকেন্দ্রে ঈদকে ঘিরে মানুষ এসেছেন। তবে যানজট কিছুটা হলেও ঈদ আনন্দে ভোগান্তি কেটে গেছে। অবশ্য প্রশাসনের লোকজন যানজট নিরসনের কাজ করেছে।

বিনোদনকেন্দ্রের তত্ত্বাবধায়ক মুহাম্মদ সোনারুল ইসলাম বলেন, ঈদকে ঘিরে নাগরদোলা, ট্রেনসহ বেশ কয়েকটি রাইড আনা হয়েছে। ভবিষ্যতে বিনোদনপ্রেমীদের জন্য আরও ভালো কিছু উপহার আনা হবে।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে এখানকার বিনোদনকেন্দ্রে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে পুলিশের টহল সব সময় রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত