Ajker Patrika

‘জ্যাতা নমো পুড়মু’—চেয়ারম্যান প্রার্থীকে হুমকির পর যুবদল নেতা গ্রেপ্তার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি 
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৪৫
‘জ্যাতা নমো পুড়মু’—চেয়ারম্যান প্রার্থীকে হুমকির পর যুবদল নেতা গ্রেপ্তার
যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ গাজী। ছবি: সংগৃহীত

‘আমি একটা জ্যাতা নমো পুড়মু, আপনাকে বাইছা নিছি’—এমন বক্তব্য দিয়ে পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী গোবিন্দ চন্দ্র মণ্ডলকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ফরিদ গাজীর বিরুদ্ধে। তিনি সদর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

অভিযোগের বিষয়ে একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গোবিন্দ চন্দ্র মণ্ডল।

গোবিন্দ চন্দ্র মণ্ডলের অভিযোগ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী হওয়ার পর থেকেই ফরিদ গাজী ও তাঁর কয়েকজন সহযোগী তাঁর ওপর ক্ষুব্ধ। তাঁর সমর্থকেরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন টাঙানোর পর সেগুলো লাগানোর কাজে নিয়োজিত ব্যক্তিদেরও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় ফরিদ গাজী তাঁর মোবাইল ফোনে কল করে হুমকি দেন।

গোবিন্দ চন্দ্র মণ্ডল জানান, ঘটনার পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে নিরাপত্তার স্বার্থে বাউফল থানায় জিডি করেন তিনি।

অভিযোগের বিষয়ে ফরিদ গাজীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে কয়েকটি গণমাধ্যমের কাছে তিনি এ বিষয়ে মন্তব্য করতে চাননি বলে জানিয়েছেন। তবে গোবিন্দ চন্দ্র মণ্ডলের লোকজন আগে তাঁকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন ফরিদ।

এদিকে অন্য একটি মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ফরিদ গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘হুমকি দেওয়ার একটি কল রেকর্ড আমি শুনেছি। এ ঘটনায় ভুক্তভোগী একটি জিডি করেছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী জিডির তদন্ত শেষে প্রতিবেদন দেওয়া হবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের আগে রাজনীতিতে সক্রিয় না থাকলেও এরপর ফরিদ গাজীর রাজনৈতিক তৎপরতা বেড়েছে। গত দুই বছরে তাঁর বিরুদ্ধে মারধর, লুটপাট ও দখলসংক্রান্ত একাধিক অভিযোগ থানায় জমা পড়েছে বলে জানা গেছে। এসব ঘটনায় তাঁর বিরুদ্ধে কয়েকটি মামলাও হয়েছে এবং এর আগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত