
হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, ক্যান্টনমেন্ট এলাকায় নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে আজ ভোরে বিমানবন্দর থানায় মামলাটি করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজিব। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সকালে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব নিয়ে আখতারুজ্জামানের উচ্চবাচ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁকে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের উদ্দেশে হুমকিসূচক বক্তব্য দিতে দেখা যায়।
উল্লেখ্য, বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত হওয়া সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান গত বছরের ১৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। এ দিন দলটির শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতিতে সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন তিনি।
আখতারুজ্জামানের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়। কিশোরগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে ১৯৯১ ও ১৯৯৬ সালে টানা দুবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তখন আসনটি কেবল কটিয়াদী উপজেলা নিয়েই ছিল। এখন এই আসনে পাকুন্দিয়া উপজেলাও যুক্ত হয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পুলিশের সাবেক আইজি নৌকার নূর মোহাম্মদের কাছে হেরে যান আখতারুজ্জামান। তিনি জেলা বিএনপিরও সভাপতি ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম ডাউন লাইনে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ট্রলিটি উদ্ধার শেষে যোগাযোগ স্বাভাবিক হয়। ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা রেলওয়ে বিভাগ।
৭ মিনিট আগে
সিয়াম প্রতিবেশী মামাতো ভাই আনিছুরের সঙ্গে পুকুরপাড়ে খেলছিল। খেলার একপর্যায়ে সিয়াম পুকুরে পড়ে যায়। পরে আনিছুর দৌড়ে বাড়ি গিয়ে বিষয়টা বলে। এরপর পরিবারের সদস্যরা পুকুর থেকে সিয়ামকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৮ মিনিট আগে
নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে বাড়িতে ঢুকে আব্দুল্লাহ ওরফে বাবু (২৬) নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আরও দুজন আহত হয়েছেন।
২২ মিনিট আগে
সিলাম চকেরবাজার এলাকার ‘শাহ গোষ্ঠী’ ও ‘শেখ গোষ্ঠী’র মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে শাহ গোষ্ঠীর রাসেল আহমদ শেখ গোষ্ঠীর এক যুবকের ছবি ব্যবহার করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এরই জেরে আজ বিকেলে চকেরবাজার এলাকায় রাসেলকে একা পেয়ে শেখ গোষ্ঠীর কয়েকজন তাঁর ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে।
৩৩ মিনিট আগে