Ajker Patrika

প্রশাসনের আশ্বাসের পরেও নওগাঁয় চতুর্থ দিনের মতো বাস-অটোরিকশা চলাচল বন্ধ

 নওগাঁ প্রতিনিধি
প্রশাসনের আশ্বাসের পরেও নওগাঁয় চতুর্থ দিনের মতো বাস-অটোরিকশা চলাচল বন্ধ
নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে আজ দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা

নওগাঁয় সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাসের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের পর উভয় পক্ষই চতুর্থ দিনের মতো যান চলাচল বন্ধ রেখেছে। গত রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও কয়েকটি আন্তজেলা রুটে বাস ও সিএনজিচালিত অটোরিকশা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা।

বাস ও অটোরিকশা মালিক-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে একটি সিএনজিচালিত অটোরিকশার চালকের সঙ্গে ‘মহন্ত পরিবহন’ নামের একটি বাসের চালক ও সহকারীর বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে বেলা ১টার দিকে পত্নীতলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় অটোচালকেরা সংঘবদ্ধ হয়ে বাসচালক রুবেল হোসেন ও তাঁর সহকারীকে বেধড়ক মারধর করেন।

এই ঘটনার প্রতিবাদে পরদিন রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে নওগাঁ থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও বগুড়া রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। বাস বন্ধ রাখার পাশাপাশি বাসশ্রমিকেরা সকাল থেকে সড়কে অটোরিকশা চলাচলও বন্ধ করে দেয়। বাসশ্রমিকদের বাধা উপেক্ষা করে যেসব অটোচালক সড়কে অটোরিকশা চালানোর চেষ্টা করেছে তাঁদের ওপর হামলা চালিয়েছেন বাসশ্রমিকেরা।

গত সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর অভ্যন্তরীণ রুটে বাস চালুর ঘোষণা দেওয়া হলেও তা টেকেনি দুই ঘণ্টাও। মঙ্গলবার সকালে বদলগাছীতে একটি যাত্রীবাহী বাস গেলে অটোরিকশার চালকেরা আবারও বাসচালকের ওপর হামলা চালান। ফলে তাৎক্ষণিকভাবে ফের বন্ধ করে দেওয়া হয় বাস চলাচল।

এদিকে টানা চতুর্থ দিন বাস-অটোরিকশা বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিকল্প বাহন হিসেবে অন্য যানবাহন ব্যবহার করতে গিয়ে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া এবং নষ্ট হচ্ছে মূল্যবান সময়।

রাজশাহীগামী যাত্রী ইকবাল হোসেন আক্ষেপ করে বলেন, ‘স্ত্রীকে নিয়ে চিকিৎসা করানোর জন্য রাজশাহী যাওয়ার উদ্দেশে বাসস্ট্যান্ডে এসে শুনি বাস বন্ধ। সিএনজিচালকেরা কয়েক গুণ বেশি ভাড়া চাচ্ছেন। এভাবে আকস্মিক যান চলাচল বন্ধ থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রা অচল হয়ে পড়বে।’

​

নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে আজ দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা
নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে আজ দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা

আদালতে হাজিরা দিতে আসা পোরশার তারিক হোসেন বলেন, ‘বাড়ি থেকে বের হয়ে শুনি বাস নেই। তিন দফায় ভেঙে ভেঙে বিকল্প যানবাহনে আসায় অতিরিক্ত ১৫০ টাকা বেশি ভাড়া গুনতে হয়েছে, সেই সঙ্গে সময়ও নষ্ট হয়েছে প্রচুর। আমরা চাই দ্রুত এই ভোগান্তির অবসান হোক।’

নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘প্রশাসনের সঙ্গে বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছিল, তার কোনো লিখিত রূপ আমরা পাইনি। ফলে সাধারণ শ্রমিকদের মাঝে নিরাপত্তার অভাব ও আস্থার সংকট তৈরি হয়েছে। লিখিত পেলে আজ থেকেই বাস চলাচল স্বাভাবিক হবে।’

​অন্যদিকে, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘তাদের অভ্যন্তরীণ কিছু দ্বন্দ্বের কারণে সাময়িক এই সমস্যা তৈরি হয়েছে। শ্রমিকদের দাবিগুলো পূরণের জোরালো আশ্বাস দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে মালিক-শ্রমিকদের সঙ্গে আমাদের আলোচনা অব্যাহত রয়েছে, আশা করি খুব দ্রুতই সমাধান আসবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত