
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগের দাবিতে তাঁদের চেম্বারে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীদের একাংশ। আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সসহ বিভিন্ন ভবনে এই ডিনদের চেম্বারে তালা দেন তাঁরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সময়সীমা অনুযায়ী ১৭ ডিসেম্বর ডিনদের মেয়াদ শেষ হয়েছে। তবে নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁদের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. ইফতেখারুল আলম মাসুদ ও উপাচার্য ড. সালেহ হাসান নকীবের সিদ্ধান্তে তাঁদের মেয়ার বাড়ানো হয়। তবে তাঁদের পদত্যাগের দাবি তুলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার।
আম্মার বলেন, ‘জুলাইয়ের সময় শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়ানো শিক্ষকদের ডকুমেন্টসসহ আমরা তালিকা করেছি। আওয়ামীপন্থী যে ডিনরা আছেন, সেই ডিনদের পদত্যাগ প্রসঙ্গে তাঁদের সবাইকে কল দেওয়া হয়, তবে তাঁদের কেউই ক্যাম্পাসে নাই।’
তিনি আরও বলেন, ‘ছুটি ও ক্লাস ব্যবস্থাপনায় শিক্ষকদের স্বেচ্ছাচারিতা এখন নিয়মে পরিণত হয়েছে। বিতর্কিত শিক্ষক নিয়োগ এবং হত্যা মামলার আসামি হয়েও শিক্ষক হিসেবে বহাল থাকা আমরা মেনে নিতে পারি না। রাজনৈতিক পরিচয় নয়, ন্যায়বিচারই আমাদের দাবি। আমরা অন্যদের সাথে মিলিয়ে চূড়ান্ত এই তালিকা প্রকাশ করব এবং সেই অনুযায়ী তাদের পদত্যাগে বাধ্য করাব।’
পরে আম্মার ফেসবুক পোস্টে বলেন, আওয়ামীপন্থী ৬ জন ডিনের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। তাঁরা দায়িত্বে থাকবেন না বলে ভিসিকে জানিয়েছেন। সাবেক ভিসি, প্রো-ভিসি ক্লাস নেওয়ার খবর পেয়ে তিনি গিয়েছিলেন, তাঁরাও একপ্রকার পলাতক। জুলাইয়ে বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান করা শিক্ষকদের তালিকা করছেন বলেও জানান আম্মার।
বিশ্ববিদ্যালয়ের সিনেট ছাত্র প্রতিনিধি আকিল বিন তালেব বলেন, ‘আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ হাদি ভাই আমাদের যে পথ দেখিয়েছেন, আমাদের সেই পথ অনুসরণ করতে হবে। বিপ্লবের এক বছর পেরিয়ে গেলেও আওয়ামী ফ্যাসিস্টের দোসরেরা আজও ক্যাম্পাসে নিরাপদ, অথচ আমাদের বিপ্লবের নেতৃত্ব দেওয়া মানুষেরা রাস্তায় গুলি খেয়ে জীবন দিচ্ছে। তাই আমরা চাই, কোনো ফ্যাসিবাদের দোসর যেন বাংলাদেশের নেতৃত্ব দিতে না পারে। রক্তের ওপর দাঁড়িয়ে রাবি প্রশাসন আসলেও বিপ্লবের স্পিরিট তারা ধারণ করতে ব্যর্থ হয়েছে।’
আকিল বিন তালেব আরও বলেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলার জন্য ব্যানার ধরা ফ্যাসিস্টের দোসরদের তারা এখনো বিচার করতে পারেনি। আমরা প্রশাসনকে সময় দিয়েছিলাম, কিন্তু তারা এই ফ্যাসিস্টদের পদত্যাগ করাইতে পারেনি, তাই আমরা অভ্যুত্থানের শক্তিরা আজ এই ফ্যাসিস্টদের পদত্যাগ করাইতে বাধ্য হচ্ছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘ডিনদের মেয়াদ শেষ হলেও সমাবর্তন, সামনে ভর্তি পরীক্ষাসহ নানা কারণে তাঁদের মেয়াদ বাড়ানো হয়েছিল। সামনে পরীক্ষা রেখে একজন তাঁদের অব্যাহতি দেওয়াটা অনেক জটিলতা তৈরি করবে। তবে উপাচার্য স্যার এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারবেন।’
এর আগে গতকাল শনিবার রাতে জিএস সালাহউদ্দিন আম্মার তাঁর ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগ ও ফ্যাসিজমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকদের অপসারণের দাবিতে ‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচির ঘোষণা দেন।

ডিজেল সংকটের কারণে চট্টগ্রামের বেসরকারি কনটেইনার ডিপোগুলোর কার্যক্রমে বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলো চাহিদামতো ডিজেল সরবরাহ না করায় রপ্তানি পণ্য পরিবহন ও প্রক্রিয়াজাতকরণে সমস্যা দেখা দিতে পারে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। এতে দেশের রপ্তানি প্রবাহের পাশাপাশি...
৪ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বন্ধ ক্যাম্পাসে হঠাৎ প্রায় অর্ধশত গাছ কাটার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। পরিবেশের ক্ষতি ও ক্যাম্পাসের সবুজ-সৌন্দর্য নষ্ট হওয়ার অভিযোগ তুলে প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
খুলনা নগরে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক কারবারে জড়িত ৪৭৫ জনের তালিকা তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। তালিকায় ২৮ চাঁদাবাজ, ৪৭ সন্ত্রাসী এবং প্রায় ৪০০ মাদক কারবারির নাম রয়েছে। সূত্র জানিয়েছে, ঈদের পর তাদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হবে।
৫ ঘণ্টা আগে
জ্বালানি তেলের সংকটে বরগুনার উপকূলীয় উপজেলা পাথরঘাটায় মাছ ধরার শত শত ট্রলার বন্ধ হয়ে গেছে। গভীর সমুদ্রে মাছ শিকার করতে যেতে পারছেন না কয়েক হাজার জেলে। ফলে ঈদুল ফিতরের আগে বড় ধরনের আর্থিক অনিশ্চয়তায় পড়েছে এসব জেলে পরিবার, ট্রলারমালিক ও মাছের আড়তদারেরা।
৫ ঘণ্টা আগে