
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আগুন লাগার পর হুড়োহুড়ির মধ্যে নামতে গিয়ে অন্তত পাঁচজন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন হাসপাতালের স্টাফ সাইদুর রহমান (৫০), সিনিয়র স্টাফ নার্স নওরিন, দিপালী ও শারমিন এবং ফায়ার সার্ভিসের সদস্য তৌহিদ। আহতদের মধ্যে দুই নার্সকে আইসিইউতে নেওয়া হয়েছে।
হাসপাতালের ওয়ার্ডবয় রেজাউল জানান, ধারণা করা হচ্ছে স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন ও ঘন ধোঁয়ায় অপারেশন থিয়েটার (ওটি) ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডে কিছুই দেখা যাচ্ছিল না। পরে পোস্ট অপারেটিভ রুম থেকে গুরুতর রোগীদের পেছনের দরজা দিয়ে সরিয়ে নেওয়া হয় এবং আইসিইউর কিছু রোগীকেও স্থানান্তর করা হয়।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় বেশ কয়েকজন নার্সকে উদ্ধার করা হয়। এ সময় দুজন নার্স অসুস্থ হয়ে পড়েন এবং তাঁদের বেসরকারি একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তিনতলা থেকে নামানোর সময় আরও একজন নার্স আহত হন। তবে কোনো রোগী আহত হননি বলে তিনি দাবি করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ আহমেদ বলেন, ‘ভোর ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে বয়রা থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও সাতটি ইউনিট যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।’
তিনি আরও জানান, ভবনের সব গেট তালাবদ্ধ থাকায় ভেতরে প্রবেশে কিছুটা সমস্যা হয়। পরে তালা ভেঙে উদ্ধার কাজ চালানো হয় এবং বেলকনি থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়।
রোগী ও স্বজনেরা জানান, ভোরের দিকে বেশির ভাগ মানুষ ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই দ্রুত নিরাপদ স্থানে নেমে আসেন। অনেক রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তাঁরা অভিযোগ করেন, হাসপাতালের ওটিতে ২৪ ঘণ্টা অপারেশন চললেও এমন অগ্নিকাণ্ডের ঘটনা রহস্যজনক। সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. হোসেন আলী জানান, প্রাথমিকভাবে শর্টসার্কিট বা এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
হাসপাতালের নিরাপত্তাকর্মী আনসার কমান্ডার এসিপি মো. আরিফুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণের সময় গ্রিল কাটতে গিয়ে সেটি ভেঙে পড়ে দুজন স্টাফ নার্স ও ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত শর্টসার্কিট থেকে হয়েছে বলে ধারণা করা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ও প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

রাজধানীতে কোরবানির পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে অনেকে গরু নিয়ে এসেছেন হাটে। আগামী রোববার থেকে আনুষ্ঠানিকভাবে কেনাবেচা শুরু হলেও আগেভাগে গরুর দাম বুঝে নিতে হাটে ঘুরতে এসেছেন ক্রেতারা। তবে এবার পরিবহন ভাড়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন গরু বিক্রেতারা।
১ ঘণ্টা আগে
‘রান্নাঘর থেকে শব্দ শুনছি। মনে করছি, পাশের ফ্ল্যাটের বাচ্চা চিৎকার দেয়। আমার মেয়ে যে চিৎকার দিতেছে, আমি সেটা বুঝতে পারি নাই। মনে করেছি, ওর সাথে বড় মেয়ে গেছে, আমার মেয়ে চিৎকার দিবো কেমনে?’ কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়েন রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশুটির মা।
২ ঘণ্টা আগে
একসময় গ্রাম ও শহরে কামারদের ছিল জমজমাট ব্যবসা। দোকানও ছিল অনেক। কিন্তু এই আধুনিক যুগে অনেকটাই বিলুপ্তির মুখে কামার সম্প্রদায়ের মানুষ। কারখানার অত্যাধুনিক মেশিনে তৈরি, চীন থেকে আমদানি, অনলাইন বিক্রি এবং কয়লা, লোহা ও ইস্পাতের দাম বেড়ে যাওয়ায় কামারদের চাহিদা কমে গেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে হত্যার শিকার শিশুটির (৮) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার রাত ৯টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এশার নামাজের পর জানাজা শেষে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়।
২ ঘণ্টা আগে