Ajker Patrika

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে সিলেটে বিক্ষোভ

সিলেট প্রতিনিধি
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে সিলেটে বিক্ষোভ
ঐতিহাসিক কোর্ট পয়েন্টে প্রতিবাদ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ শনিবার বিকেলে জাতীয় মুক্তি কাউন্সিল সিলেট জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি নগরীর তালতলা পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশে বর্তমানে তীব্র বিদ্যুৎ সংকট চলছে। অনবরত লোডশেডিংয়ের কারণে গৃহস্থালি কাজের পাশাপাশি উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একদিকে জীবনযাত্রায় অস্থিরতা নেমে এসেছে, অন্যদিকে উৎপাদন কমে যাওয়ায় মানুষের আয় কমছে। তাঁদের অভিযোগ, সরকার এই সংকট নিরসনে ব্যর্থ হয়েছে।

বক্তারা আরও বলেন, বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনা, অতিরিক্ত ক্যাপাসিটি চার্জ ও বিদ্যুৎ অপচয় সংকটের অন্যতম কারণ। একই সঙ্গে শহর ও গ্রামাঞ্চলের মধ্যে বিদ্যুৎ বিতরণে বৈষম্য দূর করার দাবি জানান তাঁরা।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সমালোচনা করে বক্তারা বলেন, এর ফলে পরিবহন ও উৎপাদন ব্যয় বেড়েছে, যার প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে। সমাবেশ থেকে অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানো এবং সাধারণ মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো হয়।

জাতীয় মুক্তি কাউন্সিল সিলেট জেলা কমিটির সমন্বয়ক নুরুল ইসলাম মকবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের অন্যতম সদস্য নুরুল হুদা সালেহ, বাংলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার সভাপতি খালেদ উদ দীন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মিনহাজ আহমেদ, সদস্য হারুন উর রশিদ এবং সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম সফর আলী খান। এ সময় জাতীয় মুক্তি কাউন্সিলের প্রচার সম্পাদক আকির হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সদস্য রাজ্জাক মিয়া ও শিরিন মিয়াসহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত