Ajker Patrika

গণভোট একদিন দেশদ্রোহিতা বলে প্রমাণিত হবে: জি এম কাদের

রংপুর প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২১: ৫১
গণভোট একদিন দেশদ্রোহিতা বলে প্রমাণিত হবে: জি এম কাদের
রংপুর নগরীর সুপার মার্কেট এলাকায় জাপা চেয়ারম্যানের গণসংযোগ। ছবি: আজকের পত্রিকা

গণভোট করবেন নির্বাচিত সংসদ সদস্যরা। বর্তমান সরকারের গণভোটের আয়োজন বেআইনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, ‘একই দিনে সাধারণ নির্বাচন ও গণভোট হতে পারে না। গণভোট করবে নির্বাচিত সংসদ সদস্যরা। বর্তমান সরকারের গণভোটের আয়োজন বেআইনি। এটি দেশদ্রোহিতা বলে একদিন প্রমাণিত হবে বলে আমার ধারণা।’

আজ রোববার রংপুর নগরীর সুপার মার্কেট এলাকায় রংপুর-৩ সদর আসনের প্রার্থী হিসেবে গণসংযোগের সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ, ভোট গণনা এবং ফলাফল ঘোষণা হলে জাতীয় পার্টি এবার আগের যেকোনো সময়ের তুলনায় বেশি ভোট ও সংসদীয় আসন পাবে।

জাপা চেয়ারম্যান বলেন, ‘একটি গোষ্ঠী সাম্প্রদায়িক, সন্ত্রাসী ও উগ্রপন্থী দেশ গড়তে চায়। এসব থেকে দেশকে রক্ষায় গণভোটে ‘‘না’’ ভোট দিতে হবে। প্রচার-প্রচারণায় অত্যন্ত ভালো সাড়া পাচ্ছি। রংপুর বিভাগের সব জায়গায় আমাদের প্রার্থীদের অবস্থান ভালো।’

রংপুর নগরীর সুপার মার্কেট এলাকায় জাপা চেয়ারম্যানের গণসংযোগ। ছবি: আজকের পত্রিকা
রংপুর নগরীর সুপার মার্কেট এলাকায় জাপা চেয়ারম্যানের গণসংযোগ। ছবি: আজকের পত্রিকা

জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেশের মানুষের সম্পর্ক কম। তারা কখনো দেশ চালায়নি। তারা বাইরের কোনো শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েম করতে চাইছে। তারা বলছে আজাদি, আমি বলব গোলামি। তারা একটি দেশের গোলামি করার জন্য এসব করছে। তারা বলছে ইনসাফ, আমি বলব চরম বেইনসাফ।’

জি এম কাদের বলেন, ‘দেশে চিহ্নিত খুনিদের ছেড়ে দেওয়া হচ্ছে। আর নিরীহ মানুষকে বিভিন্ন মামলা দিয়ে জেলে দেওয়া হচ্ছে। সর্বক্ষেত্রে অন্যায়-অত্যাচার করা হচ্ছে। ইনকিলাব বলে দেশ ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। যারা এসব করছে, তাদের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম। আমাদের দেশবাসীকে প্রস্তুত হতে হবে।’

জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘আমাদের দেশে নারী-পুরুষ একসঙ্গে কাজ করে। আমরা নিজ নিজ ধর্ম অন্তর থেকে চর্চা করি। তাই বলা যায়, আমরা ধার্মিক, সহানুভূতিশীল ও অসাম্প্রদায়িক দেশের মানুষ।

‘একটি দল বলছে, নারীদের চাকরি করা যাবে না। তাহলে যেই পরিবারে একমাত্র মেয়ে রয়েছে, সেই পরিবার কীভাবে চলবে? তারা দাবি করছে, নারীরা কাজ করলে সমাজ নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। ইসলামে তো এমন কথা নেই, তাই এই কথাগুলো তারা কোথা থেকে পেল?’

এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবু প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুখ্যাত এপস্টেইন ফাইলে বাংলাদেশের আইসিডিডিআরবি

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

ইরানে হামলা হতে পারে আজই, মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করেছেন ট্রাম্প

বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ ৭৪ শতাংশ বাড়াল ভারত

‘সব খারিজ হবে, তুই খালি টাকা পাঠাবি’, ভূমি কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত