
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন মামলায় কারাগারে থাকা সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আজ রোববার তাঁকে এই নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে আজ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম এই আবেদন করেন।
আবেদনের পক্ষে শুনানি করেন দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ তরিকুল ইসলাম। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তার দেখানোর পর ফরহাদ হোসেনকে ফের কারাগারে পাঠানো হয়।
গত ২৬ নভেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে ফরহাদ হোসেনের বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ে মামলা করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, ফরহাদ হোসেন তাঁর নামে মোট ২ কোটি ৪৩ লাখ ৪২ হাজার ৪৬৭ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। আয়কর নথিতে উল্লেখিত ৬৪ লাখ ৪১ হাজার ৯৫৬ টাকা পারিবারিক ব্যয়সহ তাঁর মোট সম্পদ দাঁড়ায় ৩ কোটি ৭ লাখ ৮৪ হাজার ৪২৩ টাকা। এর বিপরীতে বৈধ উৎস হিসেবে দেখাতে পেরেছেন ১ কোটি ৯৫ লাখ ৯৮ হাজার ১৭১ টাকা। ফলে তাঁর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ১১ লাখ ৮৬ হাজার ২৫২ টাকা।
এ ছাড়া ফরহাদ হোসেনের নামে খোলা ১২টি ব্যাংক হিসাবে ৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ৪৭১ টাকা জমা এবং ৬ কোটি ৩৫ লাখ ৬৮ হাজার ৯৯৬ টাকা উত্তোলনের তথ্য পাওয়া যায়, যা দুদকের মতে ‘অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন’।
ক্ষমতার অপব্যবহার, অসাধু উপায়ে সম্পদ অর্জন, জ্ঞাত আয়ের উৎস গোপন এবং অবৈধ অর্থ লেনদেন—এসব অপরাধে ফরহাদ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৫ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে আটক করা হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। আজ শুক্রবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে এক ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে...
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত টানা অফিস করেন প্রধানমন্ত্রী। তিনি প্রতিদিন গড়ে ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করেন। তবে গতকাল (বৃহস্পতিবার) কাজের সময় প্রায় ১৬ ঘণ্টায় পৌঁছায়।
৯ ঘণ্টা আগে
গণভোট, দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশসহ অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ২০টি অধ্যাদেশ জাতীয় সংসদের চলতি অধিবেশনে অনুমোদন করা হচ্ছে না। এর মধ্যে চারটি অধ্যাদেশ বাতিল করার সুপারিশ করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি।
১০ ঘণ্টা আগে