
স্বামী-স্ত্রী শিক্ষকতা করে দুই সন্তান নিয়ে বেশ ভালোই দিন কাটাচ্ছিলেন। সংকট শুরু হয় করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায়। তবে থেমে না গিয়ে সংকট থেকেই সমৃদ্ধির নতুন পথ খুঁজে বের করেন তিনি। আমের ফেলে দেওয়া আঁটি সংগ্রহ করে যে নার্সারি গড়ে তোলেন ম্রানুচিং মারমা, তা থেকে তাঁর বার্ষিক আয় এখন ১৫ লাখ টাকার বেশি।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার যৌথকামার এলাকায় এ নার্সারি গড়ে তুলেছেন ম্রানুচিং মারমা। বর্তমানে এক একর জমির নার্সারিতে তাঁর প্রায় ৫০ হাজার চারা রয়েছে। এসব চারা বিক্রি করে চলতি বছর ১৫ থেকে ১৮ লাখ টাকা আয়ের আশা করছেন তিনি।
৩১ বছর বয়সী ম্রানুচিং মারমা একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বাড়ি পানছড়ি সদর এলাকার যৌথকামারে। স্বামী উচিমং মারমা মহালছড়ি উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষক।
ম্রানুচিং মারমা বলেন, ‘২০২০ সালের মাঝামাঝি করোনাভাইরাসের সংক্রমণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নিয়মিত বেতন না পেয়ে সংসার চালাতে সংকটে পড়ি। শুরুতে শিশুদের পড়িয়ে কিছু আয় করতাম। একপর্যায়ে টিউশনিও বন্ধ হয়ে গেলে বিকল্প আয়ের পথ হিসেবে আমবাগান করার পরিকল্পনা করি। কিন্তু আমবাগান করার জন্য বাজারে চারা কিনতে গিয়ে বেশি দামের কারণে তা কেনা সম্ভব হয়নি। পরে নিজেই চারা উৎপাদনের সিদ্ধান্ত নিই। প্রতিবেশী ও পরিচিতজনদের কাছ থেকে আমের আঁটি সংগ্রহ করে চারা লাগানো শুরু করি।’
প্রথম বছরেই ১২ হাজার টাকার চারা বিক্রি করে বাজিমাত করেন ম্রানুচিং। পরে কলমপদ্ধতিতেও চারা উৎপাদন শেখেন। অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিভিন্ন জাতের চারা উৎপাদন করতে করতে আশপাশের এলাকায় তাঁর নার্সারির পরিচিতি বাড়ে।
বর্তমানে নার্সারিতে আম ছাড়াও বারোমাসি কাঁঠাল, লটকন, লিচু ও পেয়ারার চারা রয়েছে। পাহাড়ের ওপর সারি সারি চারা পরিচর্যা ও নার্সারির কাজ তদারকিতে ম্রানুচিংয়ের সঙ্গে তিনজন শ্রমিক কাজ করছেন।
ম্রানুচিং মারমা বলেন, ‘আমি সব সময় সুলভ মূল্যে চারা বিক্রির চেষ্টা করি। নিজেদের জায়গায় নার্সারি হওয়ায় জায়গার জন্য বাড়তি খরচ করতে হয় না। এ ছাড়া এলাকায় জৈব সার হিসেবে ব্যবহৃত গোবরও তুলনামূলক কম দামে পাওয়া যায়। এসব কারণে ক্রেতাদের কাছে সাশ্রয়ী দামে চারা বিক্রি করা সম্ভব হয়।’
জাতভেদে ম্রানুচিং মারমার নার্সারিতে আমের চারা ৪০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি অনলাইনেও চারা বিক্রি করেন তিনি। ‘গ্রিন কেয়ার নার্সারি’ নামে তাঁর একটি ফেসবুক পেজ রয়েছে।
খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ তাঁর নার্সারিতে চারা কিনতে আসেন। কেউ বাড়ির আঙিনায় গাছ লাগাতে, আবার কেউ বাণিজ্যিকভাবে আমবাগান করার পরিকল্পনায় চারা সংগ্রহ করেন। অনেকে আম চাষ ও নার্সারি ব্যবস্থাপনা নিয়েও তাঁর পরামর্শ নেন।
পানছড়ির একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষক রোমিতা দেওয়ান বলেন, ‘আমি ম্রানুচিংয়ের নার্সারি থেকে চারা সংগ্রহ করি। চার বছর আগে বিভিন্ন জাতের ১০০টি চারা কিনে লাগিয়েছিলাম। এ বছর সব গাছে আম ধরেছে। আমের জাতও ভালো। এখন বাড়ির পাশে আরও কয়েকটি নতুন জাতের আমগাছ লাগানোর জন্য চারা দেখতে এসেছি।’
শিক্ষকতার দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিদিন সকালে নার্সারিতে গিয়ে গাছের পরিচর্যা ও অন্যান্য কাজ দেখাশোনা করেন ম্রানুচিং। স্কুল শেষে সন্ধ্যার আগপর্যন্ত আবার নার্সারিতে সময় দেন। ছুটির দিনের পুরোটাই কাটে নার্সারিতে।
ম্রানুচিং মারমা বলেন, ‘ভালো চারা উৎপাদনের মূলমন্ত্র হলো নিজের হাতে কাজ করা। শুরুতে চারা রোপণ থেকে প্যাকেট করা পর্যন্ত সব কাজ নিজেই করতাম। নার্সারি বড় হওয়ায় এখন শ্রমিকদের দিয়ে অনেক কাজ করাতে হয়। তারপরও কাজে যেন কোনো ভুল না হয়, সে জন্য নিয়মিত তদারকি করি।’
নার্সারি পরিচালনার বিষয়ে তাঁর কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। শিক্ষক স্বামী উচিমং মারমার কাছ থেকে প্রাথমিকভাবে চারা তৈরি শেখেন তিনি। পরে নিজের অভিজ্ঞতা ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দক্ষতা অর্জন করেন।
পানছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সালাম বলেন, ম্রানুচিং মারমার চারা উৎপাদনের উদ্যোগ অন্যদের জন্য অনুপ্রেরণাদায়ক। কৃষি বিভাগের কাছে সহযোগিতা বা পরামর্শ চাইলে তাঁকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক নাসির উদ্দিন চৌধুরী জানান, নিজ উদ্যোগে আমের চারা বিক্রির নার্সারি গড়ে তোলা ভালো কাজ। পানছড়ি উপজেলা কৃষি কর্মকর্তাকে সঙ্গে নিয়ে তিনি নার্সারিটি পরিদর্শন করে ম্রানুচিংয়ের জন্য কী করা যায়, তা দেখবেন।
ম্রানুচিংয়ের স্বপ্ন, নার্সারিটি আরও বড় করা। তাঁর উদ্যোগ দেখে অন্য নারীরাও স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণা পাবেন বলে আশা করেন তিনি।

কুমিল্লা নগরীর আদর্শ সদর উপজেলার চাপাপুর এলাকায় একটি বেকারিতে শিল্পকারখানায় ব্যবহৃত রং দিয়ে খাদ্যপণ্য তৈরি এবং অন্য প্রতিষ্ঠানের প্যাকেট নকল করে পাউরুটি বাজারজাত করার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৬ মিনিট আগে
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২৪ জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ১৫ কেজি মা ইলিশ ও ছয়টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
৯ মিনিট আগে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় সাড়ে ২৩ কোটি টাকা ব্যয়ে কেনা দুটি চিকিৎসাযন্ত্র দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে রয়েছে। এর মধ্যে ক্যাথল্যাব স্থাপনের নয় বছর পরও চালু হয়নি আর লিনিয়ার এক্সেলেটর রয়েছে বাক্সবন্দী। এ ছাড়া চিকিৎসা সামগ্রী (এমএসআর) কেনায় অনিয়ম ও সরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া জমা...
১৬ মিনিট আগে
জয়পুরহাটে ‘বিজ্ঞান, উদ্ভাবন ও শিল্পায়ন: গবেষণা থেকে বাস্তবায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জয়পুরহাটের ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালারজির (আইএমএমএম) সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
২৭ মিনিট আগে