
আট মাসের ব্যবধানে আবারও আগুনে পুড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। শুক্রবার রাত ১১টা ২৪ মিনিটে কার্গো ভিলেজের ৯ নম্বর গেটসংলগ্ন এলাকায় আগুন লাগে। এতে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আগুন নিয়ন্ত্রণে আনার পর রাতে গণমাধ্যমকে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান বলেন, রাত ১১টা ২৪ মিনিটে কন্ট্রোল রুমে খবর আসে যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কুরিয়ার অপারেশন এলাকায় একটি কণটেইনার ও তার পাশের স্থানে আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি বলেন, খবর পাওয়ার এক মিনিটের মধ্যেই বিমানবন্দর ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে উত্তরা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
মাহমুদুল হাসান জানান, ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমানবন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণ ইউনিট এবং বিমানবাহিনীর অগ্নিনির্বাপণ দলও আগুন নেভানোর কাজে অংশ নেয়। সবার সমন্বিত প্রচেষ্টায় রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে রাত ১টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
অগ্নিকাণ্ডে কী ধরনের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি কুরিয়ার সার্ভিসের মালামাল সংরক্ষণের স্থান। এখানে বিভিন্ন ধরনের আমদানি ও কুরিয়ার পণ্য রাখা ছিল।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি তদন্ত করে বলতে হবে। আমরা মাত্রই আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণের কাজ শেষ করেছি। কারণ নির্ধারণে কিছুটা সময় লাগবে।’
উল্লেখ্য, এর আগে গত বছরের অক্টোবরে বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করে এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে প্রায় ২৭ ঘণ্টা সময় লাগে।

মানিকগঞ্জের ঘিওরে চেতনানাশক ওষুধ স্প্রে করায় অসুস্থ হয়ে একই পরিবারের ছয় সদস্য হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে তাঁদের বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা বাড়ির প্রবেশ গেট ও দুটি ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা ও রুপার অলংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।
৫ মিনিট আগে
রাজধানীর মিরপুর-১১ নম্বর, ১ নম্বর ও মধ্য বাড্ডা এলাকায় তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ শনিবার সন্ধ্যা ৭টার পর থেকে রাত সাড়ে ৮টার মধ্যে এসব ঘটনা ঘটে...
১৯ মিনিট আগে
ঝালকাঠি সদর থানার এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ঘুষ নেওয়ার অভিযোগে ফাঁসানোর চেষ্টা এবং এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে সাংবাদিক পরিচয়দানকারীসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার ঝালকাঠি সদর থানায় মো. আজাদ খান বাদী হয়ে মামলাটি করেন।
৪১ মিনিট আগে
ঢাকার বিভিন্ন এলাকায় গতকাল শুক্রবার ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের পর রাজধানীতে ৩০০-এর বেশি চেকপোস্ট বা তল্লাশি চৌকি বসিয়েছে ডিএমপি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি)। ঢাকার প্রবেশ ও বাহির হওয়ার পথগুলোতে নজরদারিও বাড়ানো হয়েছে, পাশাপাশি ঢাকার ফ্লাইওভারে ওঠা ও নামার জায়গায়...
১ ঘণ্টা আগে