Ajker Patrika

কটিয়াদীতে ঘুমন্ত শিশুকে গলাটিপে হত্যাচেষ্টা মাদকাসক্ত যুবকের

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৪১
কটিয়াদীতে ঘুমন্ত শিশুকে গলাটিপে হত্যাচেষ্টা মাদকাসক্ত যুবকের
ঘরের ধর্ণায় উঠে লুকানোর চেষ্টা করে মাদকাসক্ত যুবক। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের কটিয়াদীতে রাকিব মিয়া নামে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে ঘুমন্ত এক শিশুর গলাচেপে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শিশুটিকে বাঁচাতে রঞ্জন মিয়া নামে এক ব্যক্তি এগিয়ে আসলে তাঁকে লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেন রাকিব। পরে ঘরের ধর্ণায় উঠে লুকানোর চেষ্টা করা রাকিব চৌকির ওপর লাফিয়ে পড়ে গুরুতর আহত হন।

গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের নখলা গ্রামে এ ঘটনা ঘটে। রাকিব মিয়া ওই গ্রামের মো. ফাইজ উদ্দিনের ছেলে।

স্থানীয় লোকজনের ধাওয়ায় রাকিব দৌড়ে একটি ঘরের ধর্ণার ওপর উঠে লুকানোর চেষ্টা করেন। উপস্থিত লোকজন তাঁকে নিচে নামানোর বিভিন্ন চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে শরীরে আঘাত করার ভয় দেখানো হলে রাকিব ঘরে থাকা কাঠের চৌকির ওপর লাফিয়ে পড়েন। এতে তাঁর মাথা ফেটে তীব্র রক্তপাত শুরু হয়।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আহসানুদ্দিন দয়াল ও সাংগঠনিক সম্পাদক রুমান শাহ বলেন, মাদকাসক্ত যুবক রাকিবের তাণ্ডবে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছিল।

তাঁরা বলেন, মাদকের প্রভাবে মানসিক ভারসাম্য হারিয়ে রাকিব গভীর রাতে এক নিকটাত্মীয়ের ঘরে ঢুকে একজনকে মারাত্মক জখম করেন এবং ঘুমন্ত শিশুকে হত্যার চেষ্টা করেন। পরে ধরা পড়ার ভয়ে তিনি ঘরের ধর্ণার ওপর উঠে আত্মরক্ষার চেষ্টা করেন।

এলাকাবাসী আধা ঘণ্টার বেশি সময় ধরে রাকিবকে বুঝিয়ে নিচে নামানোর চেষ্টা করেন। তবে তিনি কারও কথায় সাড়া দেননি।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত